ধুনটে সরকারদলীয় নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বগুড়ার ধুনট সদর ইউনিয়নে সরকারদলীয় এক নেতার বিরুদ্ধে এক কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামের বাসিন্দা বানেশ্বর হালদার পৈতৃক সূত্রে ধুনট মৌজায় ৬৬ শতক জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে সরিষার চাষ করেছেন। গত রোববার সকাল নয়টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খোকন সরকারের নেতৃত্বে কয়েকজন সরিষার খেত নষ্ট করেন। পরে সেখানে তাঁরা কয়েকটি ছাপরা ঘর তোলেন। এ ঘটনায় বানেশ্বর হালদার খোকন সরকারসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে দখল ছেড়ে দিতে বলে। এতে তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে রাত ১১টায় সম্পূর্ণ জমি দখল করে নেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিদের জমির দখল ছেড়ে দিতে বলা হয়েছে। না ছাড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোকন সরকার বলেন, খাস খতিয়ানভুক্ত ওই জমি ১৯৮৬ সালে উপজেলা ভূমি কার্যালয় থেকে তিনি পত্তন নিয়েছেন। এ কারণে এখন দখল নিয়েছেন। তবে বানেশ্বর হালদার বলেন, তাঁরা ভুয়া পত্তন দেখিয়ে জমিটি জোরপূর্বক দখলে নিয়েছেন।