ধুনটে সহকারী শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ
বগুড়ার ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতিসহ ১০টি অভিযোগে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনো নোটিশের জবাব দেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জাকির প্রায় ১০ বছর ধরে ধুনট উপজেলায় কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে একই উপজেলায় কর্মরত থাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠেছে। এ সুযোগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন। জাকিরের বিরুদ্ধে ধুনট এন ইউ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান গত ২৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
মশিউর বলেন, ‘২০১৬ সালের ২৯ নভেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর আলম স্বাক্ষরিত একটি পত্রে আমার বিদ্যালয়ে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে এসিটি শিক্ষক নিয়োগের জন্য তালিকা পাঠানো হয়। কিন্তু জাকির শিক্ষা কর্মকর্তা নুর আলমের স্বাক্ষর জালিয়াতি করে, আমার বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সেখানে অন্য একটি নাম অন্তর্ভুক্ত করে গোপনে সংশোধনী তালিকা পাঠান।’
নুর আলম বলেন, ‘জাকির আমার স্বাক্ষর জাল করে অফিস প্রধানকে অসন্মানিত, অফিসের শৃঙ্খলা ভঙ্গ, গোপনে অফিসের চিঠিপত্র ইস্যু ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টিসহ ১০টি অভিযোগে তাঁকে গত ১৩ এপ্রিল ও ১৫ মে ৩ দিন করে সময় দিয়ে দুবার কারণ দর্শনোর নোটিশ দিয়েছি। কিন্তু তিনি নোটিশের জবাব দেননি।’
তবে জাকির বলেন, ‘প্রধান কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাঁর পরিবর্তে অফিসের যেকোনো কাগজপত্রে আমার স্বাক্ষর করার বৈধতা রয়েছে। প্রধান কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ সঠিক না। নোটিশের জবাব দেওয়ার বিষয়টি একান্তই আমার নিজস্ব ব্যাপার।’