ধুনটে সাংবাদিককে হত্যার চেষ্টা
বগুড়ার ধুনটে গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে এক সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামন উজ্জ্বল তাঁর কক্ষে সহযোগীদের নিয়ে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে চেয়ারম্যান তাঁর সহযোগীদের নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাদকের খালি বোতল ও গাঁজাসহ মাদক সেবনের সামগ্রী উদ্ধার করে। এ ঘটনায় চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা পুলিশকে সংবাদ দেওয়ার অভিযোগে বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার জিয়া শাহিনের ওপর ওই রাতেই বাড়ি ফেরার পথে হামলা চালান।
জিয়া শাহিন বলেন, ‘চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর তাঁর কক্ষে বহিরাগত লোকজন নিয়ে মাদক সেবন করেন। এ ঘটনা নিয়ে আমি প্রতিবাদ করায় তাঁর সঙ্গে আমার দ্বন্দ্ব হয়। এর আগেও চেয়ারম্যান আমার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও হত্যার হুমকি দিয়েছেন। এসব ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে আগেও থানায় লিখিত অভিযোগ করেছিলাম। বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে নিজ গ্রামে যাওয়ার সময় হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়।’
রাশেদুজ্জামান উজ্জ্বল বলেন, ‘জিয়া শাহিন নিজেই একজন মাদকাসক্ত। তিনি আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগ দিচ্ছেন। মাদকের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি অভিযান চালাই। কিন্তু বিষয়টি টের পেয়ে আগেই লোকজন চলে যায়। পরে তালা খুলে সেখান থেকে মালামাল উদ্ধার করা হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’