ধুনটে স্কুলছাত্রীকে নির্যাতনকারী যুবক গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে নির্যাতনকারী এক বখাটেকে গ্রেপ্তার করেছে র্যাব। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের আকুল (২৫) নামের ওই যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর বিকেলে বগুড়া র্যাব-১২–এর সদস্যরা অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে।
স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, আকুল ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। ছাত্রী রাজি না হওয়ায় তার ওপর নির্যাতন করেন। ওই ছাত্রী বাড়ি ছেড়ে নানার বাড়িতে লেখাপড়া করছে। ৯ ডিসেম্বর নিজের বাড়িতে ফেরে ওই ছাত্রী। ১১ ডিসেম্বর বাড়িতে একা থাকার সময় আকুল তাঁর সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীর বাড়িতে হামলা করেন। ঘর থেকে টেনে বের করে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আকুলসহ তিনজনের বিরুদ্ধে ১২ ডিসেম্বর থানায় মামলা করেন।
থানা হাজতে থাকা আকুলের ভাষ্য, তাঁকে প্রতারণা করে ফাঁসানো হয়েছে। স্কুলছাত্রীকে কোনো মারধর করা হয়নি।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম বলেন, বগুড়া র্যাব-১২ অভিযান চালিয়ে আকুলকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বিকেলে তাঁকে থানায় হস্তান্তর করেছে। আকুলকে জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।