ধুনটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর বিরুদ্ধে সাবিনা ইয়াসমিন (৩১) নামের এক গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সাবিনাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাবিনার পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০১ সালে উপজেলার রামনগর গ্রামের শামসুল হকের মেয়ে সাবিনার একই গ্রামের দলিল লেখক ফজলুল হকের সঙ্গে বিয়ে হয়। তাঁদের ফারিহা (৫) নামে এক মেয়ে রয়েছে। এরপরও প্রায় চার বছর ধরে ফজলুল নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। স্বামীকে বিপথ থেকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেন সাবিনা। কিন্তু তাতে লাভ হয়নি। একপর্যায়ে সাবিনার বিনা অনুমতিতে প্রায় তিন বছর আগে সুলতানা আকতার নামের আরও একটি মেয়েকে বিয়ে করেন ফজলুল। এরপর থেকে স্বামী-সতিন নানাভাবে নির্যাতন চালান সাবিনার ওপর। ফজলুল গত সোমবার সন্ধ্যায় সাবিনাকে মারধর করে বাড়ির পাশে রাস্তায় ফেলে দেন। খবর পেয়ে স্বজনেরা সাবিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাবিনার ছোট ভাই সোহেল রানা বলেন, ‘ফজলুল অনেক দিন ধরে নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। তাঁর কাজে বাধা দেওয়ায় আমার বোনকে তিনি নানাভাবে নির্যাতন করতেন। এর আগেও নির্যাতনের ঘটনায় একাধিকবার থানায় অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে সংসার শুরু করছে আমার বোন। এবার মারধরের বিষয়ে ফজলুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ফজলুল বলেন, ‘বাড়ির ধারোত বিয়ে করি বিপদে পড়ছি। স্ত্রীকে কিছু নাই কইতেই শ্বশুরবাড়ির লোকজন হামাকে মারতে আসে। তাই সে হামার আদেশ-নিষেধ মানে না। তাই অবাধ্য স্ত্রীকে শাসনের উদ্দ্যেশে হালকা এনা মারধর করা হয়েছে। সংসারজীবনে এ ধরনের ঘটনা বড় কিছু নয়। সে ইচ্ছা করি হামার সম্মান নষ্ট করার জন্নি হাসপাতালোত ভর্তি হছে।’