ধুনটে স্বামীর লাশ ফেলে পালালেন দ্বিতীয় স্ত্রী
বগুড়ার ধুনট উপজেলায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তির পর সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এর পরপরই লাশ ফেলে তাঁর দ্বিতীয় স্ত্রী পালিয়ে যান। এ ঘটনায় সাইফুলকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর প্রথম স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার সারিয়াকান্দির সাইফুল ইসলাম (৩৭) প্রায় ১২ বছর আগে একই উপজেলার আসাদুল ইসলামের মেয়ে বিউটি খাতুনকে বিয়ে করেন। তাঁদের সাদিয়া (১০) ও সুমাইয়া (৪) নামের দুই মেয়ে আছে। তিন বছর আগে ধুনটের জোড়শিমুল গ্রামের গোলাম গফুরের মেয়ে পোশাককর্মী মুনজিলা খাতুনের সঙ্গে সম্পর্ক হয় সাইফুলের। পরে তাঁকে বিয়ে করেন সাইফুল। বিয়ের পর থেকে তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন। কয়েক দিন আগে সাইফুলকে ঢাকায় রেখে মুনজিলা নিজ বাড়িতে আসেন। গতকাল বুধবার সকালে সাইফুলও ঢাকা থেকে জোড়শিমুল গ্রামে চলে আসেন। একপর্যায়ে তিনি বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। বেলা একটার দিকে মুনজিলা ও তাঁর মা তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাইফুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় স্ত্রী ও শাশুড়ি অবস্থা বেগতিক দেখে লাশ রেখে পালিয়ে যান।
সাইফুল ইসলামের প্রথম স্ত্রী বিউটি খাতুন বলেন, ‘আমার স্বামী এমনি বিষ খায় নাই। ছোট স্ত্রী বিষ খাইয়ে মাইরাছে।’
ঘটনার পর থেকে ছোট স্ত্রী ও শাশুড়ি পলাতক থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহম্মদ আবদুল্লাহ জামি বলেন, বিষ পানে অসুস্থ অবস্থায় সাইফুল ইসলামকে এখানে আনা হয়। পরে তিনি মারা যান।
ধুনট থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।