ধুনটে হাটের জায়গায় আ.লীগ-বিএনপির নেতাদের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট গোসাইবাড়ী হাটের জায়গা দখল নিয়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো
বগুড়ার ধুনট গোসাইবাড়ী হাটের জায়গা দখল নিয়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি হাটের জায়গায় অবৈধভাবে ২৭৫টি আধা পাকা দোকানঘর নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা ওই জায়গা দখল নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় ২ একর ২৩ শতক আয়তনের একটি জায়গায় সাপ্তাহিক হাট বসে। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১১৭ জন নেতা-কর্মী ওই হাট বসানোর জায়গা জোরপূর্বক দখলে নিয়ে প্রায় ২৭৫টি আধা পাকা দোকানঘর নির্মাণ করেছেন।

গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, হাটের প্রবেশপথে সরকারি জায়গায় চারটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এসব দোকানঘরের কারণে রিকশা-ভ্যান, ভটভটিসহ মালবাহী কোনো যানবাহন হাটের ভেতরে প্রবেশের সুযোগ নেই। এদিন সাপ্তাহিক হাটের দিন হলেও সেখানে অস্থায়ী কোনো দোকানপাট বসেনি।

খোঁজ নিয়ে জানা যায়, হাটের প্রবেশমুখের অবৈধ ওই চারটি দোকানের মালিক গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুল হক। তিনি এসব দোকানঘর থেকে নিয়মিত ভাড়া আদায় করছেন।

সামছুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক আগে সড়কের পাশের এ জমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে দোকানঘর নির্মাণ করেছি।’ তবে তিনি জমি ইজারা নেওয়ার সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

একইভাবে হাটের জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক উপজেলা যুবলীগের সদস্য ও বাজার সমিতির সভাপতি রানা আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য বিপ্লব হোসেন। এ ছাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেদুজ্জামান প্রায় ৩৫টি আধা পাকা দোকানঘর নির্মাণ করে ভাড়ায় দিয়েছেন।

অভিযোগের বিষয়ে বেলাল হোসেন বলেন, তিনি ওই দোকানঘরের জন্য সরকারিভাবে বৈধ কাগজপত্র করার জন্য অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। রানা আকন্দ বলেন, ‘আমি একাই অবৈধ দখলদার নই। এখানকার মোট ১১৭ জন দোকানমালিকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আদালতে মামলা করেছে। আমরা আদালতে কাগজপত্র জমা দিয়েছি। সেখানেই সমাধান হবে।’

অবৈধ এসব দোকানঘর উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছরের ৭ সেপ্টেম্বর জেলা হাকিম আদালতে মামলাটি করা হয়। এ পর্যন্ত কয়েকটি তারিখ ধার্য হলেও বিবাদীপক্ষের লোকজন বারবার সময়ের আবেদন করায় এখনো মামলার শুনানি শুরুই হয়নি।

এদিকে হাটটি প্রতিবছর উপজেলা পরিষদ থেকে ইজারা দেওয়া হয়। এ বছর লিয়াকত আলী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা দরপত্রে অংশ নিয়ে প্রায় ৩১ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছেন। কিন্তু ওই অবৈধ স্থাপনার কারণে এখন সাপ্তাহিক হাট বসার কোনো জায়গা নেই। ফলে হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি নেই। এতে করে লোকসানে পড়েছেন ইজারাদার।

হাটের ইজারাদার লিয়াকত আলী বলেন, ‘আমি প্রায় ৩১ লাখ টাকা সরকারকে জমা দিয়ে হাটের ইজারা নিয়েছি। অথচ দুই দলের নেতা-কর্মী ও অবৈধ দখলদারের দাপটের কারণে আমি এখন হাট থেকে কোনো খাজনা আদায় করতে পারছি না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আখতার বলেন, ‘আমি এখানে তিন মাস হলো এসেছি। গোসাইবাড়ি হাটের জায়গা বেদখল হওয়া এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলার বিষয়ে আমি অবগত নই। আমি বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’