ধুনটে হাতকড়াসহ পালিয়েছে আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আদালতে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় আনিছুর রহমান (৪২) নামের এক আসামি পালিয়েছেন। স্থানীয় মসজিদের ইমাম মতিউর রহমান হত্যা মামলার আসামি তিনি। আজ মঙ্গলবার সকালে আদালতে নেওয়ার পথে পালান আনিছুর।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কাজী মতিউর রহমান হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনিছুর রহমানকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দুই কনস্টেবলের মাধ্যমে আদালতে পাঠানো হয়। পথে আনিছুর রহমান হাতকড়া নিয়ে পালিয়ে যান। তাঁকে আবার গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাত ১০টার দিকে কাজী মতিউর রহমান বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজের ইমামতি শেষে নিজ বাড়ি বলারবাড়ি গ্রামে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মতিউর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় গতকাল সকালে আনিছুরকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে আনিছুরকে আদালতে নিয়ে যাচ্ছিলেন দুই কনস্টেবল। একপর্যায়ে বগুড়ার শাহজাহানপুর উপজেলার লিচুতলা এলাকায় থেকে পালিয়েছেন আনিছুর।