ধুনটে হামলায় ভূমিহীন ৩ নারী আহত, বিএনপি নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলায় ভূমিহীনদের বসতভিটায় গত শুক্রবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মা-মেয়েসহ তিন নারী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিএনপির এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি গ্রামের কাছে যমুনা নদীর ভাঙন রোধে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০১০ সালে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। পাশের মাইজবাড়ি গ্রামের আবদুস সালাম ও ভূতবাড়ি গ্রামের তছলিম উদ্দীনসহ কয়েকটি ভূমিহীন পরিবার এ বাঁধের ঢালে ঝুপড়িঘর তুলে বাস করছে। কিন্তু ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ওই জমি তাঁর দাবি করে এ দুজনের কাছে সম্প্রতি টাকা দাবি করেন। তা দিতে অস্বীকার করায় শুক্রবার রাত নয়টার দিকে আনিছুর ও তাঁর সহযোগীরা তাঁদের বসতভিটায় হামলা ও ভাঙচুর করেন।
হামলাকারীদের মারধরে আবদুস সালামের স্ত্রী চায়না খাতুন (৩৫), মেয়ে সোহাগী খাতুন (১২) ও তসলিম উদ্দীনের স্ত্রী মোনজান খাতুন (৪০) আহত হন। আহত তিনজনকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চায়না খাতুনকে গতকাল শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আবদুস সালাম শুক্রবার রাতে বিএনপির নেতা আনিছুরসহ নয়জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। তিনি বলেন, তিনি ১১ বার নদী ভাঙনের শিকার হয়ে বাড়িঘর, জমিজমা সব হারিয়েছেন। পাঁচ বছর আগে এ বাঁধে আশ্রয় নেন। কিন্তু বিএনপির নেতা আনিছুর এ জমি তাঁর দাবি করে টাকা চান। তা না দেওয়ায় তিনি লোকজন নিয়ে হামলা করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আনিছুরকে শুক্রবার রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।