ধুনটে ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চাল কার্ডধারীদের নামে ভুয়া সই দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে লাঞ্ছিত করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে ডিলারের দাবি, ইউপি চেয়ারম্যানের দেওয়া তালিকা অনুযায়ী কার্ডধারীদের মাঝে চাল বিক্রি করা হয়েছে। অনিয়মের সুযোগ ছিল না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ১ হাজার ৪৬৫ জনের তালিকা তৈরি করেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ১ থেকে ৪ নম্বর ওয়ার্ডের তালিকায় ৭৬৭ জন সুবিধাভোগীর নামে কার্ড রয়েছে। সুবিধাভোগী প্রত্যেক ব্যক্তি প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পান। এই চাল বিক্রির জন্য ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমকে সরকারিভাবে ডিলার নিয়োগ দেওয়া হয়। ডিলার গত ২৯ এপ্রিল কার্ডধারীদের মাঝে মহিশুরা বাজার এলাকায় চাল বিক্রি করেন। এর মধ্যে শতাধিক সুবিধাভোগী কার্ডধারীর নাম ডিলারের তালিকায় না থাকায় তাঁরা চাল কিনতে পারেননি। ফলে চাল না পাওয়া এসব কার্ডধারীর পক্ষে প্রতিবাদ করায় ডিলারের লোকজন ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস ছালামকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আবদুস ছালাম বাদী হয়ে ৪ মে ডিলার রেজাউল করিম ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
৫ মে সরেজমিনে গোপালনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশপাতা গ্রাম ঘুরে জানা যায়, সিদ্দিকের স্ত্রী আবিয়া (কার্ড নম্বর ১৩৩), আজগরের ছেলে ইউনুস (কার্ড নম্বর ১৮৮), মকবুলের ছেলে মঞ্জুরুল (কার্ড নম্বর ৩৩), জাহাঙ্গীরের স্ত্রী জোসনা (কার্ড নম্বর ১৯৮) অছিমুদ্দিনের ছেলে বাবলু (কার্ড নম্বর ৪২), ৫ নম্বর ওয়ার্ডের চকমেহেদীর শাহ জামালের স্ত্রী রানী (কার্ড নম্বর ১৫২) এবং ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াগাতির আশরাফের স্ত্রী মোমেনা (কার্ড নম্বর ৩৫০) ৪ নম্বর ওয়ার্ডের সাতপাকিয়ার ফরহাদের স্ত্রী চামেলীসহ (কার্ড নম্বর ১৪) শতাধিক ব্যক্তির নামে কার্ড থাকলেও চাল কিনতে পারেননি।
বাঁশপাতা গ্রামের নার্গিস, মোমেনা, বাবলু, ইউনুস, মঞ্জুরুলসহ ১০ থেকে ১২ জন কার্ডধারী বলেন, ২০১৭ সালের প্রথম কিস্তির চাল পাওয়া গেলে দ্বিতীয় কিস্তি এপ্রিল মাসের চাল পাওয়া যায়নি। এ ব্যাপারে ইউপি সদস্য ছালাম প্রতিবাদ করায় ডিলারের লোকজন তাঁকে লাঞ্ছিত করেন।
ইউপি সদস্য ছালাম বলেন, ‘ডিলার মাস্টাররোলে ভুয়া সই দিয়ে শতাধিক কার্ডের চাল আত্মসাৎ করেছে। আমি কার্ডধারীদের পক্ষে কথা বলতে গেলে তারা আমাকে লাঞ্ছিত করেছে।’
ডিলার রেজাউল বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা আমাকে যে তালিকা দিয়েছেন, আমি সেই তালিকা দেখে কার্ডধারীদের চাল দিয়েছি। বাদ পড়া কার্ডধারীদের নাম তালিকায় ছিল না। এ কারণে তারা চাল পায়নি। চেয়ারম্যান দুই ধরনের তালিকা তৈরি করে আমাকে পরিকল্পিতভাবে বিপদে ফেলেছে।’ গোপালনগর ইউপির চেয়ারম্যান গোলাম হোসেন সরকার বলেন, ‘ডিলার অবৈধভাবে চাল বিক্রি করে ধরা পড়ায় নিজেকে বাঁচাতে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।’
ইউএনও রাজিয়া সুলতানা বলেন, কার্ডধারীদের চাল না পাওয়ার অভিযোগের তদন্ত চলছে।