ধুনটে ১০ টাকা কেজির ২১ বস্তা চাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২১ বস্তা চাল আটক করা হয়েছে। খাদ্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে পাচারকারী ব্যবসায়ী পালিয়ে গেছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১১ হাজার ৯২১ জন কার্ডধারীর কাছে চাল বিক্রির জন্য ২০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ভান্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামও আছেন। গতকাল শুক্রবার সকালে কার্ডধারীরা তাঁর কাছ থেকে ১০ টাকা কেজির চাল ক্রয় করে ভুতবাড়ির মোখলেছার নামের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২৬ টাকা ধরে বিক্রি করেন। মোখলেছার এই চাল ভুতবাড়ি গ্রামে তাঁর শ্বশুর সোলাইমান আলীর বাড়িতে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ধুনটের খাদ্য পরিদর্শক মাসুদ রানা সন্ধ্যার দিকে ৬০ কেজি ওজনের ২১ বস্তা চাল আটক করেন।

রফিকুল ইসলাম বলেন, সকালে কার্ডধারীরা চাল ক্রয় করে ব্যবসায়ী মোখলেছার রহমানের কাছে বিক্রি করেছেন। ওই ব্যবসায়ী এসব চাল তাঁর শ্বশুরবাড়িতে রেখে বিকেলে অন্য এলাকায় বিক্রির চেষ্টার সময় খাদ্য কর্মকর্তা তা আটক করেছেন।

মোখলেছার রহমান পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে মোখলেছার রহমানের চাচা ভান্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বারী বলেন, তাঁর ভাতিজাকে ওই চাল ক্রয়ের জন্য নিষেধ করা হয়েছে।

ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবল চন্দ্র চাল আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ইউএনও মোহাম্মদ ইব্রাহীম বলেন, ১০ টাকা কেজি দরের চাল খোলাবাজারে কেনাবেচার কোনো বৈধতা নেই। চাল বিক্রির খবর পেয়ে ২১ বস্তা চাল আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।