ধুনটে ১০ টাকা কেজির ৭ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৭ বস্তা চাল কালোবাজারে পাচারের সময় জব্দ করা হয়েছে। উপজেলার গোপালনগর ইউনিয়নে গতকাল শনিবার সকালে ওই চালগুলো জব্দ করা হয়।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চালের জন্য ১ হাজার ৪৬৫ জন ব্যক্তির নাম তালিকায় রয়েছে। ওই চাল বিক্রির জন্য দুজন ডিলার নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে খাটিয়ামারি বাজার এলাকায় ৬৯৮টি কার্ডের চাল বিক্রির জন্য উপজেলার বলারবাড়ি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত মঙ্গলবার কার্ডধারী ব্যক্তিদের মাঝে তিনি এই চাল বিক্রি করেন। এর মধ্যে ১১টি ভুয়া কার্ডের ৩৩০ কেজি চাল তাসলিমা নিজের গুদামে মজুত রাখেন। পরে তিনি গতকাল সকাল ১০টার দিকে ভ্যানযোগে ওই চালগুলো মথুরাপুর বাজারের দিকে পাচার করছিলেন। এ সময় খাটিয়ামারি চার মাথা এলাকায় স্থানীয় জনগণ চালগুলো জব্দ করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শারমিন আখতার ও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে ওই চালগুলো জব্দ করেন। পরে চাল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ডিলারের গুদাম সিলগালা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ডিলার তাসলিমা খাতুন বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করা হয়। সেই সঙ্গে ডিলারের ঘর সিলগালা করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে চাল পাচারকারী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।