ধুনটের সেই গ্রামে আরও ছয় বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পাড়ে কৈয়াগাড়ি গ্রামে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে সংখ্যা দাঁড়াল ২৫টি।
খোঁজ নিয়ে জানা যায়, আগুন লাগার ধরন একই হলেও এখনো অগ্নিকাণ্ডের কারণ জানতে পারেনি কেউ। এ অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনাকে অলৌকিক বলে ধরে নিয়ে ঝাড়ফুঁকসহ রাত জেগে পাহারা দিয়ে আসছিলেন গ্রামবাসী। এর পরও গতকাল আরও ছয়টি পরিবারের বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা হচ্ছেন রুকসানা খাতুন, শহীদুর রহমান, মন্টু মিয়া, ফজর আলী, শামসুল হক ও আবদুল মালেক। এর আগে ২১ এপ্রিল প্রথম আলোর বিশাল বাংলায় ‘ধুনটে এক সপ্তাহে ১৯টি বাড়িতে আগুন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, গতকাল দুপুর ১২টার দিকে রুকসানা খাতুন নামের এক মহিলার বাড়ি থেকে আবারও আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আরও পাঁচটি বাড়ি পুড়ে যায়।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা অবহিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, এলাকার একটি কুচক্রী মহল আতঙ্ক ছড়াতে এ কাজ করছে। চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান আকতারের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলার উল্লাপাড়া গ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।