ধুমসে চলছে বোমা মেশিনে পাথর তোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী ও এর আশপাশে বোমা মেশিন (ড্রেজার) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছে। পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হলেও আইন মানছেন না কেউ। পাথর উত্তোলনকারীদের থামাতে না পেরে এলাকাবাসীর পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রায় এক মাস আগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তাঁর কাছে অভিযোগও করেছেন। কিন্তু এখনো অবাধে চলছে বোমা মেশিন দিয়ে পাথর তোলা।
সরেজমিনে গত বুধবার দেখা যায়, ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের তিস্তা নদী ও আশপাশের এলাকায় চলছে ভারী মেশিনে পাথর তোলার জমজমাট ব্যবসা। নদী ও এর আশপাশ থেকে তুলে এসব পাথর নিয়ে আসা হচ্ছে বিভিন্ন হাটবাজারে কিংবা স্তূপ করে রাখা হচ্ছে রাস্তার ধারে। সেখান থেকে ট্রাকে তুলে পাথর নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামে দেখা গেল, তিস্তা নদীর ধারে নৌকাবোঝাই পাথর নামানো হচ্ছে। সেখান থেকে ট্রাক্টরে করে ওই পাথর নেওয়া হচ্ছে সুঠিবাড়ী বাজারের দিকে। যেখানে পাথর নামানো হচ্ছে, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নদীতে ছয় থেকে সাতটি ড্রেজার মেশিনে তোলা হচ্ছে পাথর।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, দিন-রাত সব সময় ভারী মেশিন দিয়ে পাথর তোলা হচ্ছে। মেশিন ও ট্রাক্টরের শব্দে এলাকায় থাকা যাচ্ছে না। কারও কারও জমি থেকে জোর করেও পাথর তোলা হচ্ছে। যাঁরা তুলছেন, তাঁরা ক্ষমতাধর হওয়ায় কেউ কিছু বলতেও সাহস পায় না।
গ্রামের আবদুল মালেক (৫০) বলেন, ‘নদীতে আমাদের দুই শরিকের ২৮ বিঘা জমি আছে। এখন সেখানে তারা জোর করে পাথর তুলছে। এতে জমিও ভেঙে যাচ্ছে।’
গ্রামের শহরবানু আক্তার (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামার জমি থাকি ওমরা জোর করি পাথর তুলছে। সরকার কি ওমাক (ওদের) কইছে মাইনসের জমি থাকি পাথর তুলবার?’ শহরবানু বলেন, ওই নদীতে তাঁর ও তাঁর আত্মীয়স্বজনের ২৬ বিঘা জমি রয়েছে।
উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম বলেন, খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে যে কোয়াড়ি দেওয়া হয়েছে, সেখানে শ্রমিক ও টুকরি দিয়ে পাথর তোলার কথা রয়েছে। কোনো মেশিন ব্যবহার করা যাবে না। পাথর উত্তোলনকারীরা ওই শর্ত না মেনে ভারী মেশিন ব্যবহার করছেন। এতে করে পরিবেশ বিপর্যয় ঘটছে, হুমকির মুখে পড়েছে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প, নষ্ট হচ্ছে ফসলি জমি। তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমি গত ১২ আগস্ট প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছি।’
পাথর উত্তোলনে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, ইজারা গ্রহিতা প্রতিষ্ঠান কোনোক্রমেই পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে পারবে না এবং তাদের অবশ্যই অযান্ত্রিক পদ্ধতিতে পাথর তুলতে হবে।
উত্তর খড়িবাড়ী গ্রামের মেশিনমালিক মো. জিয়া বলেন, ওই উপজেলায় ৩৯টি কোয়াড়ির মেশিনে পাথর তোলা হচ্ছে। তবে টেপাখড়ি এলাকায় পাথর তুলছেন তিনিসহ স্থানীয় আবদুল আজিজ, মো. রফিক, মো. রাসেল, আবদুর রশিদ প্রমুখ। তিনি আরও জানান, প্রতিটি মেশিনের জন্য তাঁদের খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দুই বছরের জন্য ১ লাখ ৩৯ হাজার টাকা করে দিতে হয়েছে। এর সঙ্গে জামানত ৩০ হাজার, ভ্যাট ২০ হাজার এবং আয়কর ৬ হাজার টাকা দিতে হয়েছে। গত ৬ আগস্ট অনুমতি পাওয়ার পর থেকে তাঁরা পাথর তুলতে শুরু করেন। তবে অন্যের জমি থেকে জোর করে পাথর তোলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন, নদী থেকে ভারী মেশিনে পাথর তোলায় নদী ড্রেজিং করতে হচ্ছে। তিনি আরও বলেন, ‘যাঁরা পাথর তুলছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। নদী খাসজমি। সরকারের পক্ষে জেলা প্রশাসক এর মালিক। এটা দেখার দায়িত্ব জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে ইউএনওর। আমরা এ বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছি।’
ডিমলা থানার ওসি রুহুল আমীন খান বলেন, ‘আমার জানামতে পাথর উত্তোলনের জন্য ৩৯ জনের সরকারি অনুমোদন আছে। সেটি দেখার দায়িত্ব ইউএনওর। আমরা ফৌজদারি বিষয়গুলো দেখি। এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ নেই। ভূমির মালিক ইউএনও। তিনি অভিযোগ করলে আমি ব্যবস্থা নিব।’
ইউএনও রেজাউল করিম বলেন, ‘খনিজ সম্পদ মন্ত্রণালয় সরাসরি তাদের অনুমতি দিয়েছে, আমাদের করার কিছু নেই।’