ধুলা লাগায় শিশুকে ছুরিকাঘাত করলেন আ.লীগ নেতার ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইসাইকেলে করে বিদ্যালয় থেকে ফেরার সময় চাকায় ওড়া রাস্তার ধুলা আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছেলের শরীরে লাগায় ওই নেতার ছেলে স্কুলছাত্রটিকে (১৩) পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছেন। পরে গুরুতর আহত শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানায় শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার দুপুরে উপজেলার শ্যামলীপাড়া পুকুরচালা মহল্লার শহিদুল ইসলামের ছেলে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র কামরুল হাসান সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান আলী সরকারের ছেলে ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের (২৫) শরীরে কিছু ধুলা লাগে। এতে তিনি খেপে গিয়ে কামরুলকে মারধর করাসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।
শহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘আমার ছেলেকে মারধরের সময় লোকজন ওকে রক্ষা করে। ছাড়া পেয়ে কিছু দূর যাওয়ার পর আবারও আমার ছেলেকে ধরে আলমগীর ছুরিকাঘাত করে।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন, কামরুলের কপালের বাঁ পাশে আঘাত লেগেছে। সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে আলমগীরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
আলমগীরের বাবা ও আওয়ামী লীগ নেতা আহসান আলী বলেন, তাঁর ছেলে কামরুলকে চড়থাপ্পড় মারলে পড়ে গিয়ে ছেলেটি আহত হয়। এ জন্য তিনি নিজের ছেলেকে গালমন্দও করেছেন। তবে তিনি নিজে রাজনৈতিক নেতা হওয়ায় প্রতিপক্ষ নিজেদের স্বার্থে ঘটনাটিতে রং লাগাচ্ছে বলে দাবি করে আওয়ামী লীগ নেতা।
থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর আগেও আলমগীরের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী আচরণের অভিযোগ রয়েছে।