ধোলাইখাল ও ইংলিশ রোডে অবৈধ ট্রাকস্ট্যান্ড, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার ইংলিশ রোড দখল করে পিকআপ ও ট্রাকস্ট্যান্ড গড়ে উঠেছে। অবৈধ এই স্ট্যান্ডের কারণে সড়কে যানজট লেগেই থাকছে l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার ইংলিশ রোড দখল করে পিকআপ ও ট্রাকস্ট্যান্ড গড়ে উঠেছে। অবৈধ এই স্ট্যান্ডের কারণে সড়কে যানজট লেগেই থাকছে l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার ধোলাইখালের লালমোহন সাহা স্ট্রিট ও ইংলিশ রোড দখল করে গড়ে উঠেছে অবৈধ পিকআপ ও ট্রাকস্ট্যান্ড। এ দুটি সড়কে এখন সারা দিনই যানজট লেগে থাকছে। ভোগান্তির শিকার হচ্ছে পরিবহনযাত্রী ও পথচারীরা।
ধোলাইখালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন প্রায় পাঁচ একর জমি দখল করে সেখানে ট্রাক ও পিকআপ রাখা হয়েছে। এসব যানের মালিকেরা ডিএসসিসি থেকে কোনো ধরনের লিখিত অনুমতি নেননি। পরিবহনমালিক ও শ্রমিকদের বাধায় একাধিকবার জমিটি উচ্ছেদ করতে গিয়ে ব্যর্থ হয়েছে ডিএসসিসি। এলাকাটি ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, সড়কে ট্রাক ও পিকআপ রাখায় সকাল থেকে রাত পর্যন্ত ধোলাইখাল ও ইংলিশ রোডে যানজট লেগে থাকে। এতে বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে যাত্রাবাড়ী ও গুলিস্তান যাতায়াতে চার থেকে পাঁচ গুণ বেশি সময় ব্যয় হয়।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ডিএসসিসির জমিতে স্ট্যান্ডের বিষয়ে ট্রাকমালিকেরা কোনো ধরনের অনুমতি নেননি। পর্যাপ্ত পুলিশ পেলেই স্ট্যান্ডটি উচ্ছেদ করা হবে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বানিয়ানগর পঞ্চায়েত কমিটি ফটক এলাকা থেকে লালমোহন সাহা স্ট্রিটের মার্কেট পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে প্রায় ১৫০টি ট্রাক ও পিকআপ রাখা। আর দয়াগঞ্জ নতুন সড়কের মাথা থেকে ওই স্ট্রিটের নারিন্দা সড়কে আছে আরও প্রায় ৩০টি ট্রাক। এতে এই সড়কের প্রায় অর্ধেকই দখল হয়ে গেছে। ধোলাইখাল মূল ট্রাকস্ট্যান্ডের ভেতর আছে ১৫০ থেকে ২০০ ট্রাক ও পিকআপ। এ ছাড়া ইংলিশ রোডের দুই পাশে রাখা আছে আরও ৬০ থেকে ৭০টি পিকআপ। এসব মালবাহী যান কিছুক্ষণ পরপরই স্ট্যান্ড থেকে যাতায়াত করছে। এতে বাহাদুর শাহ পার্ক থেকে দয়াগঞ্জ ও গুলিস্তান থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত সড়কে লেগে থাকছে তীব্র যানজট। ফুটপাত ট্রাক ও পিকআপের দখলে থাকায় ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছে পথচারীরা। এ ছাড়া ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে রয়েছে ঢাকা ট্রাক মিনিট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, ঢাকা জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের কার্যালয়।
ডিএসসিসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ধোলাইখালে সিটি করপোরেশনের ওই জমিতে ট্রাক ও পিকআপ রাখা শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে। ১৯৯৮ সালে এই স্ট্যান্ড উচ্ছেদ করে একটি পাঁচতলা শরীরচর্চাকেন্দ্র ও গ্রন্থাগার নির্মাণের দরপত্র চেয়েছিল ডিএসসিসি। কিন্তু পরিবহনমালিক ও শ্রমিকদের বাধার কারণে তা সম্ভব হয়নি। কয়েক দিন আগে ডিএসসিসির মেয়র মো. সাঈদ খোকন এলাকা পরিদর্শনে এসে স্ট্যান্ডটি সরাতে বলেন।
ঢাকা ট্রাক মিনিট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মো. মাসুদ রানা বলেন, স্ট্যান্ডের ভেতরে স্থান না হওয়ায় কিছু ট্রাক সড়কের পাশে পার্ক করা হয়েছে। এতে সড়কে যান চলাচলে কোনো প্রভাব পড়ছে না।
ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম বলেন, ‘সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ পুরান ঢাকার বিভিন্ন ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে লালমোহন সাহা স্ট্রিট সড়ক অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কে ট্রাকস্ট্যান্ডের কারণে ধোলাইখাল সড়কে সারা দিনই যানজট লেগে থাকে। এ ব্যাপারে তাঁরা কিছুই করতে পারছেন না।