ধোলাইপাড়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর ধোলাইপাড়ে আজ বুধবার শাওন হোসেন (৩৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে পুলিশ ধারণা করছে, সাততলা যে ভবনের সামনে শাওন পড়েছিলেন, সেই ভবনের ছাদ থেকে তিনি পড়ে গেছেন। তবে পরিবার বলছে, তারা জানে না শাওন কখন বাসা থেকে বের হয়েছে।
শাওনের ছোট ভাই সানি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ধোলাইপাড়ের মুন্সিবাড়ি এলাকায় সাততলা ওই ভবনের পাশের একটি ভবনে তাঁরা ভাড়া থাকেন। তাঁর বাবার নাম সালেহ আহমেদ।
ইয়াসিন নামের এক প্রতিবেশী প্রথম আলোকে বলেন, ওই বাড়ির সামনের রাস্তায় শাওনকে পড়ে থাকতে দেখে তিনি তাঁকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুরতহাল প্রতিবেদন করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ দাশ বৈরাগী বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে জেনেছেন, শাওনের পরিবার যে ভবনে থাকে, সেই ভবন এবং আশপাশের ভবনগুলো খুবই লাগোয়া। কেউ চাইলে ছাদ দিয়ে লাফিয়ে যাওয়া-আসা করতে পারে। যে সাততলা ভবনের সামনে শাওনকে পাওয়া গেছে, সেই ভবনের ছাদে দুটি কক্ষ রয়েছে। সেই কক্ষের ভাড়াটে জানান, আজ সকালে তিনি বাইরে থেকে দেখেন তাঁর ঘর ভেতর দিয়ে আটকানো। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন বারান্দার গ্রিল বাঁকা। ধারণা করা হচ্ছে, শাওনই এটি করেছে এবং তিনি গ্রিলের ফাঁকা দিয়ে বেরিয়ে পাইপ দিয়ে নিচে নামতে গিয়ে হয়তো পড়ে গেছেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাওনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।