ধোবাউড়ায় সাবেক ইউপি সদস্যসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেতগাথিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে আহাম্মদ আলী (৫০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে হত্যা করেছে।
এ ছাড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের হরিপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে সুরুজ আলী (৮৩) নামের এক বৃদ্ধের মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহত আহাম্মদ আলী পোড়াকান্দলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তাঁর বাড়ি একই ইউনিয়নের বহরভিটা গ্রামে।
পুলিশ, এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আহাম্মদ আলী পোড়াকান্দলিয়া বাজার থেকে বহরভিটা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বেতগাথিয়া গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে দা দিয়ে কুপিয়ে আহত করে। রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহাম্মদের পরিবারের অভিযোগ, প্রতিবেশী নুরুল হকের সঙ্গে আহাম্মদের আধিপত্য নিয়ে বিরোধ ছিল। নুরুল হকই লোকজন নিয়ে আহাম্মদের ওপর আক্রমণ করে। ঘটনার পর নুরুল হককে বাড়িতে পাওয়া যায়নি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, ‘আহাম্মদ আলী গ্রামের মানুষদের মামলায় নিজেকে সম্পৃক্ত করায় অনেকের সঙ্গে তাঁর বিরোধ ছিল। অভিযুক্ত নুরুল হকের সঙ্গেও বিরোধ ছিল বলে গ্রামের মানুষের কাছ থেকে জেনেছি।’
অন্যদিকে হরিপুর গ্রামের সুরুজ আলীর সঙ্গে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির জমি নিয়ে বিরোধের জের ধরে প্রায় সাত বছর ধরে মামলা চলছিল। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে হরিপুর গ্রামে একটি দোকানে চা খাওয়ার সময় সুরুজ আলীর সঙ্গে নুরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলাম হাতের কাছে থাকা লাঠি দিয়ে সুরুজ আলীর মাথায় আঘাত করেন। এতে সুরুজ আলীর মাথা ফেটে যায়। ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ সুরুজের সৎভাই মোহাম্মদ আলী এবং আঁখি আক্তার (২৩) নামের এক স্বজনকে আটক করে।
ওসি এম এ হক জানান, দুটি হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।