নওগাঁ ও নিকলীতে দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা ও কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুই গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাঁদের স্বামীদের আটক করেছে। নিহত দুই গৃহবধূ হলেন পোরশা উপজেলার সায়রা বানু (২২) ও নিকলীর সেলিমা বেগম (২৮)।
নিহত গৃহবধূর পরিবার ও থানার পুলিশ সূত্রে জানা যায়, সায়রা উপজেলার গবিরাগুরী দক্ষিণ পুরইল গ্রামের নূরজাহান বেগমের পালিত মেয়ে। তিন বছর আগে তাঁর সঙ্গে পত্নীতলা উপজেলার ভাবিচা গ্রামের মাসুদের বিয়ে হয়। বিয়ের পর মাসুদ নূরজাহান বেগমের বাড়িতে থাকতেন। মাসুদ এলাকায় কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। এক বছর আগে স্ত্রী-সন্তানকে ফেলে মাসুদ তাঁর গ্রামে চলে যান। শ্বশুরবাড়িতে এলে এ নিয়ে সায়রা ও মাসুদের ঝগড়া হতো।
গতকাল সোমবার মাসুদ শ্বশুরবাড়িতে বেড়াতে এলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। উত্তেজিত হয়ে মাসুদ তাঁর স্ত্রীকে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে সায়রা বানুর পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সায়রা মারা যান। তখন গ্রামবাসী মাসুদকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও মাসুদকে গ্রেপ্তার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাবেরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপর ঘটনায় নিহত সেলিমা কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের সিমন্তপুর গ্রামের সুবেদ আলীর মেয়ে। ১০ বছর আগে নিকলীর সিংপুর ইউনিয়নের টেংগুরিয়া গ্রামের বরজু মিয়ার (৩৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। সেলিমার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিয়ের পর থেকে সেলিমা বরজু মিয়াকে বাবার বাড়ি থেকে কয়েকবার টাকা এনে দিয়েছেন। টাকা এনে না দিলে বরজু ও তাঁর পরিবারের সদস্যরা সেলিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত রোববার রাতে বরজু সেলিমাকে তাঁর বাবার বাড়ির অংশ বিক্রি করে টাকা এনে দিতে বলেন। এতে সেলিমা রাজি না হওয়ায় বরজু ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে লাশের গলায় দড়ি পেঁচিয়ে বাড়ির পাশে একটি গাছের ডালে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
গতকাল সকালে পুলিশ খবর পেয়ে সেলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী বলেন, নিহতের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে নিহত সেলিমার বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে বরজু মিয়াকে প্রধান আসামি করে আরও তিনজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ঘটনায় বরজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।