নওগাঁ থেকে অপহৃত স্কুলছাত্রী বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ৪
নওগাঁর রানীনগর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৩) এক দিন পর বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রানীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহীন রেজা (২২), সোহেল রানা (২৮), সোহেল রানা (১৮) ও ভবানীপুর গ্রামের সাদ্দাম হোসেন (১৮)। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
অপহরণের ঘটনায় করা মামলা ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, রানীনগর উপজেলার মেয়েটি অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের সময় শাহীন ও তাঁর কয়েকজন সহযোগী তাকে নিয়মিত উত্ত্যক্ত করতেন। মেয়েটির বড় ভাই শাহীনকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। তখন থেকে উত্ত্যক্তকারীরা মেয়েটিকে অপহরণের হুমকি দিচ্ছিলেন। গত শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্তকারীরা তাকে তুলে নিয়ে যান। খোঁজাখুঁজি করেও বোনের সন্ধান না পেয়ে মেয়েটির ভাই ওই দিন রাতে পাঁচজনকে আসামি করে রানীনগর থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রানীনগর থানার এসআই শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল রোববার রাতে বগুড়ার আদমদীঘির গোবিন্দপুর গ্রামে জাকির হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় সন্দেহভাজন চার অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।