নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁর পোরশা সীমান্তে গতকাল বৃহস্পতিবার ভোরে জারিয়া বাসকী (৩৫) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
জারিয়া বাসকী পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠক করেছে বিএসএফের সঙ্গে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জারিয়া বাসকী ভারত থেকে গরু আনার কাজ করতেন। গত সোমবার তিনি আরও তিন থেকে চারজন সহযোগীসহ ভারতে গরু আনতে যান। গতকাল ভোরে সাড়ে চারটার দিকে পুনর্ভবা নদী দিয়ে নৌকায় করে বাংলাদেেশ প্রবেশ করছিলেন তাঁরা। এ সময় ভারতের জগনপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের তাড়া করেন। অন্যরা বাংলাদেশে পালিয়ে আসতে পারলেও জারিয়া বাসকীকে আটক করে বিএসএফ। অভিযোগ উঠেছে, বিএসএফ সদস্যরা জারিয়া বাসকীকে নৌকার বইঠা দিয়ে পিটিয়ে হত্যা করে নিতপুর সীমান্তের শূন্য রেখার দেড় শ গজ ভেতরে ফেলে রেখে চলে যান। সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে স্বজনেরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজিবি ১৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, সকাল ছয়টার দিকে নিতপুর সীমান্তের কাছে এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিএসএফের সদস্যরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে বিকেলে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। বিএসএফ এ হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছে। তবে বিষয়টি নিয়ে শুক্রবার (আজ) আবার ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক হবে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিন কামাল জানান, সকালে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।