নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজনের ভাষ্য, এ ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত একজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম মফিজ উদ্দিন। তাঁর বাড়ি উপজেলার চকবিষ্ণুপুরের দীঘিপাড়ায়।
বিজিবি সূত্রে জানা গেছে, মফিজ উদ্দিনের লাশ দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১ নম্বর প্রধান স্তম্ভের ১০ নম্বর উপস্তম্ভের কাছে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে নীলমারী বিল এলাকায় পাওয়া যায়।
আজ বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মফিজ উদ্দিনের লাশ তখনো ঘটনাস্থলে পড়ে আছে। স্থানীয় লোকজনের ভাষ্য, উপজেলার বিষ্ণুপুরের রণজিত কুমার (২৪) ও কাঁটাপুকুরের কামাল আহমেদের (৩২) লাশ ভারতের ভেতরে পড়ে ছিল। দুপুর ১২টার দিকে বিএসএফ সদস্যরা তাঁদের সেখান থেকে তুলে নিয়ে যান।
নিহত মফিজ উদ্দিনের খালাতো ভাই জিয়ারুল ইসলাম বলেন, ‘মফিজ ভারত থেকে গরু আনা-নেওয়ার কাজ করতেন। টাকার বিনিময়ে রাখাল হিসেবে ভারত থেকে গরু নিয়ে আসতেন। গতকাল রাতে মফিজ আরও ১০ থেকে ১২ জনের সঙ্গে গরু আনতে হাঁপানিয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাঁদের তাড়া করেন। অন্যরা পালিয়ে আসতে পারলেও মফিজ পারেনি।’
বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম আরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। যেহেতু একজনের লাশ দেখতে পেয়েছি, তাই এখন পর্যন্ত একজন বাংলাদেশি নিহত হয়েছে বলে ধরছি। বিএসএফের সঙ্গে বৈঠক না হলে অপর দুজন আটক না গুলিতে নিহত হয়েছেন, তা নিশ্চিত করা যাচ্ছে না।’