নওগাঁয় বাবা-ছেলে ও তানোরে শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে নওগাঁয় ছেলের হাতে বাবা এবং ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তাজিম উদ্দিন সরদার (৬৫) ও তাঁর ছেলে আশরাফুল ইসলাম (২২)। এদিকে রাজশাহীর তানোরে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ধানকাটা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নওগাঁয়ে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিমুলিয়া গ্রামের তাজিম উদ্দিনের ছোট ছেলে আশরাফুল ইসলামের সঙ্গে বড় ছেলে বয়তুল সরদারের পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশরাফুলকে পরিবারের সদস্যরা একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। ওই ঘরেই তাজিম উদ্দিন ঘুমিয়ে ছিলেন। উত্তেজনায় ঘরের জিনিসপত্র ভাঙচুরের একপর্যায়ে আশরাফুল বঁটি দিয়ে তাঁর বাবাকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তাজিম উদ্দিন মারা যান। ঘর খুলে বাবার অবস্থা দেখে বয়তুল ওই ঘরে থাকা শিলপাটা তুলে আশরাফুলকে আঘাত করেন। এতে গুরুতর আহত আশরাফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর পাঁচটার দিকে মারা যান। ঘটনার পর থেকে নিহত তাজিম উদ্দিনের বড় ছেলে বয়তুল সরদার পলাতক রয়েছেন।
প্রতিবেশী তুহিন সরদার বলেন, ‘ওই পরিবারের সবাই কমবেশি মানসিক ভারসাম্যহীন। তবে আশরাফুল একটু বেশি পাগল ছিলেন। এর আগেও আশরাফুল বেশ কয়েকবার পরিবারের সদস্যদের মারতে উদ্যত হয়েছিলেন।’
নওগাঁ সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলে খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এদিকে তানোরে ধানকাটা শ্রমিক শহিদুল ইসলামকে গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় কুপিয়ে হত্যা করা হয়। গতকাল সকালে স্থানীয় লোকজন উপজেলার হরিশপুর গভীর নলকূপের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত শহিদুল উপজেলার বহড়ইল গুচ্ছগ্রামের বাসিন্দা ছিলেন।
তানোর থানার ওসি মির্জা আবদুস সালাম বলেন, এ ঘটনায় নিহত শহিদুলের মা হত্যা মামলা দায়ের করেছেন।