নওগাঁয় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৫
নওগাঁর দামসা বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের রামরায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রামরায়পুর গ্রামের রুবেল হোসেন (২৭), আজাদ হোসেন (৪৮), তরিকুল ইসলাম (২৪), আসলাম হোসেন (৩৫) ও সুজন (২৫)।
>আহত ব্যক্তিরা হলেন রামরায়পুর গ্রামের রুবেল হোসেন (২৭), আজাদ হোসেন (৪৮), তরিকুল ইসলাম (২৪), আসলাম হোসেন (৩৫) ও সুজন (২৫)
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, মাছ ধরা নিয়ে সংঘর্ষের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে পরে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দামসা বিলে প্রায় ১১ একর জলাবিশিষ্ট গুচ্ছগ্রাম পুকুরসহ আশপাশের ব্যক্তি মালিকানাধীন প্রায় দেড় শ বিঘা জমি চার মাসের জন্য ইজারা নিয়ে দিশা সমবায় সমিতি মাছ চাষ শুরু করে। এর আগে চার বছর ধরে ওই সমিতির সদস্যরা একই প্রক্রিয়ায় সেখানে মাছ চাষ করেন। গতকাল সকাল সাতটার দিকে রামরায়পুর গ্রামের রেজাউল ইসলাম (২৬), আবদুর রাজ্জাক (৪৪), মোহাম্মদ রোস্তম (২৭) ও আবদুস সালামসহ (৩৪) অজ্ঞাতনামা আরও সাত-আটজন কারেন্ট জাল দিয়ে সেখানে মাছ ধরা শুরু করেন। এ সময় সমিতির সদস্য আজাদুল ইসলাম, সুজন, আসলাম হোসেন, আজাহারসহ আরও কয়েকজন গ্রামবাসী বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লোহার রড ও লাঠির আঘাতে উল্লিখিত পাঁচজন আহত হন। এদের মধ্যে রুবেল নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় সমিতির কোষাধ্যক্ষ আসলাম বাদী হয়ে রেজাউল, রাজ্জাক, রোস্তম ও সালামের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।