নওগাঁর এক গ্রাম আদালতে বিচারের নামে স্বেচ্ছাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় শুধু প্রতিবেশীদের কথার ভিত্তিতে গ্রাম আদালত বসিয়ে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুলে এক যুবকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কিন্তু যে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে জরিমানার অর্থ তিনি পাননি। বরং ওই গৃহবধূ ও তাঁর স্বামীকেও এক রাতের মধ্যে গ্রামছাড়া হতে বাধ্য করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে।
এর আগে গত বুধবার রাতে ওই গৃহবধূ ও যুবকটিকে স্থানীয় লোকজন মারধর করে ইউনিয়নের চেয়ারম্যানের পরামর্শে ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখেন।
মুঠোফোনে গতকাল শুক্রবার বিকেলে ওই গৃহবধূ বলেন, ‘আত্মীয়তার সূত্র ধরে গত বুধবার সন্ধ্যায় ওই যুবক আমাদের বাড়িতে বেড়াতে আসে। রাতে প্রতিবেশীরা সন্দেহের বশে আমাদের দুজনকেই মারপিট করে।’ ওই যুবক তাঁর পাতানো ভাই। তাঁদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই।
গৃহবধূর স্বামী বলেন, তিনি ভটভটি চালান। ঘটনার রাতে তিনি ধানের ভাড়া নিয়ে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলেন। সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়ি ফেরেন। তাঁর আসার খবর পেয়ে চেয়ারম্যানের লোকজন তাঁদের বাড়িতে এসে একটি কাগজে তাঁর স্ত্রী ও তাঁর স্বাক্ষর নেন। তিনি অভিযোগ করেন, রাতেই চেয়ারম্যান ও তাঁর লোকজন ভয়ভীতি দেখিয়ে তাঁদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ সময় পথখরচ হিসাবে তাঁদের ৫০০ টাকা দেওয়া হয়। তিনি বলেন, স্ত্রীর বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। ওই যুবক তাঁর স্ত্রীর পাতানো ভাই। যুবকটির সঙ্গে তাঁরও ভালো সম্পর্ক রয়েছে। নিরাপত্তার অভাবে আইনের আশ্রয়ও নিতে পারছেন না বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই যুবককে গৃহবধূর বাড়ি থেকে আটক করেন গ্রামবাসী। পরে দুজনকে পিটুনি দিয়ে আটকে রাখেন। পরদিন বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে বিষয়টি নিয়ে চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে গ্রাম আদালত বসে। সেখানে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, আফসার আলী, নুরুল্যাবাদ ইউনিয়নের ইউপি সদস্য খোরশেদ আলমসহ স্থানীয় মাতব্বররা উপস্থিত ছিলেন। সালিসে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দা আবদুল মতিন, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন, আলিমুদ্দীন শেখ, আবুল কাসেমসহ ১০-১২ জন জানান, বাদীর অভিযোগ ছাড়াই চেয়ারম্যান একতরফা সালিস করে ছেলেটির কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করেন। পরে রাতে একটি কাগজে ওই গৃহবধূ ও তাঁর স্বামীর স্বাক্ষর নিয়ে তাঁদের বাড়িছাড়া করা হয়। এ সময় তাঁদের হাতে ৫০০ টাকা ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোজাহার হোসেন মল্লিক ও রইস উদ্দিন বলেন, গ্রামে শোরগোল শুনে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, প্রতিবেশী কিছু লোক ওই গৃহবধূ ও যুবকটিকে মারধর করে ঘরে আটকে রেখেছেন। পরে মুঠোফোনে চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে রাতেই দুজনকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখা হয়। বিচার বসে বৃহস্পতিবার দুপুরে। তাঁরা আরও বলেন, সালিস ও জরিমানার টাকা আদায় হতে বৃহস্পতিবার সন্ধ্যা হয়। তবে সালিসের রেজল্যুশনে গৃহবধূ ও তাঁর স্বামীকে গ্রামছাড়া করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তাঁরা। কিন্তু কিছু লোক এ রকম দাবি তুলেছিলেন। আর চেয়ারম্যান এ দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন।
ওই দম্পতিকে হুমকি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘গ্রাম আদালতের ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার এখতিয়ার রয়েছে। ওই দম্পতিকে গ্রাম ছাড়তে বাধ্য করার কোনো নির্দেশ দেওয়া হয়নি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার কোনো ঘটনায় দণ্ড দেওয়া বা জরিমানা করার এখতিয়ার গ্রাম আদালতের নেই। বিষয়টি সম্পর্কে থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।