সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি আবাসিক হোটেলের পাশ থেকে নাজমুল হক (৩০) নামের এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে সলঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নাজমুল নওগাঁ জেলার সদর উপজেলার কসবা গ্রামের কিসমত আলীর ছেলে।
নাজমুলের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাঁকে অপহরণ করার পর হত্যা করা হয়েছে।
নিহত নাজমুলের বাবা কিসমত আলী ও স্ত্রী রাবেয়া খাতুন বলেন, গত বৃহস্পতিবার নাজমুল নওগাঁর চকগৌরিপুর বাজার থেকে সবজি কিনে ট্রাকে করে ঢাকার চান্দুরা এলাকায় বিক্রি করতে যান। শুক্রবার বেলা তিনটা পর্যন্ত তিনি চান্দুরা এলাকায় ছিলেন। সেখান থেকে একদল অপহরণকারী নাজমুলকে অপহরণ করে নাজমুলের মুঠোফোন থেকে তাঁর স্ত্রীর কাছে ফোন করে দুই লাখ টাকা দাবি করে। রাত নয়টার পর থেকে নাজমুলের ফোন বন্ধ হয়ে যায়। পরে তাঁরা জানতে পারেন নাজমুলের লাশ সিরাজগঞ্জের সলঙ্গা থানায় আছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক বলেন, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাটিকুমরুল গোলচত্বরের উত্তর পাশে রূপসী বাংলা হোটেলের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মাথায় দুটি ক্ষতচিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।