নওগাঁর ১০ জন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিরোজ হামার একটাই সন্তান। বলল মালয়েশিয়ায় যাবে। পানিজাহাজে গেলে খরচ কম লাগবে। কিন্তু তা-ও হামার মন সায় দ্যায়নি। য্যাতে নিষেধ করছিনু। তারপরও হামার সোনার ধন চলে গেল। এখন হামার সোনা ব্যাঁচে আছে, না মরে গেছে জানি না। বাবা তোমার পায়ে ধরি, হামার সোনার খোঁজ অ্যানে দাও।’
এভাবেই ছেলের বিরহে আর্তনাদ করছিলেন নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালি গ্রামের ফিরোজ হোসেনের (৩০) মা ফিরোজা বিবি। ফিরোজ ভাগ্যান্বেষণে মালয়েশিয়ায় যাওয়ার জন্য গত জানুয়ারি মাসে সাগরপথে পাড়ি জমিয়েছিলেন। ফিরোজের স্ত্রী ও দেড় বছরের একটি মেয়েসন্তান রয়েছে। তাঁর মা গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করেন।
ফিরোজা বিবি জানান, ফিরোজের স্ত্রীর বড় ভাই হামিদুর রহমান চট্টগ্রামে কাজ করেন। হামিদুরই ফিরোজকে মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভন দেন। তাঁর কথামতো ২০ হাজার টাকা নিয়ে গত জানুয়ারি মাসে মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্রপথে পাড়ি দেন ফিরোজ। শর্ত ছিল, মালয়েশিয়ায় গিয়ে কাজ করে বাকি ১ লাখ টাকা শোধ করবেন।
ফিরোজা বিবি বলেন, ‘যাওয়ার দেড় মাস পর বেটার ফোন আসল। বেটা কইল, মালয়েশিয়ায়। আরও এক লাখ টাকা এখনই দিতে হবে, না হলে কাজ পাওয়া যাবে না। তারপর বেটা ওই দিন বসের সঙ্গে কথা বলাল। বস বলল, তাড়াতাড়ি হামিদুরের মাধ্যমে এক লাখ টাকা পাঠাও, না হলে তোর ছেলে বাঁচবে না। বেটা কইল, “মা তাড়াতাড়ি টাকা পাঠাও, না হলে এরা হামাক ম্যারে ফেলবে। এরা হামাক খালি হাড্ডিত মারে।” হামার ছাওয়ালক বাঁচাবার জন্য দুই বিঘা জমি বন্ধকি র্যা খে আর কানের সোনা বিক্রি করে এক লাখ টাকা হামিদুরকে দিছি। তারপর আবার ওই বস ফোন করল, বলল, “টাকা কই? আর হামিদুর ফোন ধরে না ক্যান?” হামি বলনু, টাকা দিয়ে দিছি হামিদুরকে। তারপরে হামিদুর ও বস কাউকেই ফোনে পাওয়া যায় না। প্রায় তিন মাস ধরে বেটার সঙ্গে কথা নাই।’
ফিরোজার প্রতিবেশী সুলতানা রাজিয়া বলেন, ‘ফিরোজের বউয়ের বড় ভাই ফিরোজকে মালয়েশিয়ায় পাঠাইছে। তাঁর সঙ্গে চট্টগ্রামের পাচারকারীদের সম্পর্ক আছে।’
হামিদুরের বাবা আলাউদ্দিন আমিন বলেন, ‘ফিরোজের মালয়েশিয়ায় যাওয়ার পেছনে তাঁর ছেলের কোনো হাত নেই। ফিরোজ মালয়েশিয়ায়, এ কথা আমাদের কাউকেই কোনো দিন বলেনি।’ তবে হামিদুরের মুঠোফোনের নম্বর জানতে চাইলে তিনি বলেন, তাঁর নম্বর তিনি জানেন না।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, এ ব্যাপারে ফিরোজের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি এখন তদন্তাধীন।
ফিরোজের মতো মানব পাচারকারীর খপ্পরে পড়ে সাগরপথে মালয়েশিয়াগামী নওগাঁর আরও নয়জন প্রায় দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন। তাঁরা আদৌ বেঁচে আছেন কি না, তা জানেন না তাঁদের স্বজনেরা। এখনো নিখোঁজ সন্তানের পথ চেয়ে বসে আছেন হতভাগ্যদের স্বজনেরা। শুধু চোখের পানি ফেলে ও হাহুতাশ করে প্রিয় সন্তানদের ফিরে পাওয়ার জন্য আর্তনাদ করছেন তাঁরা।
আত্রাই ও রাণীনগর উপজেলার বাসিন্দা সূত্র জানায়, উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে জনপ্রতি ২৫ হাজার টাকা করে নিয়ে আত্রাই উপজেলার ইসলামগাঁতী গ্রামের আবদুস সামাদ ও ময়েজউদ্দিন নামের দুই পাচারকারী ২০১৩ সালের ১২ জুন একই গ্রামের শামসুর রহমান প্রামাণিকের ছেলে আবু তায়েব প্রামাণিক (২০), চান প্রামাণিকের ছেলে হামিদুল ইসলাম প্রামাণিক (১৮), সুরুজ প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৮), শফি প্রামাণিকের ছেলে মহসিন প্রামাণিক (২৮), জানবক্সের ছেলে মোশারফ হোসেন (২২), মল্লিক মণ্ডলের ছেলে আলতাব মণ্ডল (২৪) ও মোহাম্মদ শেখের ছেলে মিয়াজান শেখ (৩২) এবং রাণীনগর উপজেলা সদরের মজিবর রহমানের ছেলে উজ্জ্বল হোসেন (২৬) ও মেহের আলীর ছেলে খোকন হোসেনকে (২১) সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে নিয়ে যান।
মানব পাচারকারীদের হাত থেকে পালিয়ে আসা ইসলামগাঁতী গ্রামের হামিদ আলী মোল্লা ও ফেরদৌস প্রামাণিক বলেন, পাচারকারীরা প্রথমে নাটোরের একটি হোটেলে তাঁদের নয়জনসহ বিভিন্ন স্থান থেকে ২৫-২৬ জনকে একত্র করে। বিভিন্ন পথ ঘুরে নাটোর থেকে সবাই টেকনাফে যান। এরপর আব্দুল্লাহ ও ইসমাইল নামে অন্য দুই মানব পাচারকারীর কাছে তাঁদের দুটি ভাগে বিভক্ত করে হস্তান্তর করা হয়। আব্দুল্লাহ গ্রুপের কয়েকজন বুঝতে পারেন তাঁরা বিপদের মুখে পড়েছেন। তখন তাঁরা কৌশলে পালিয়ে আসেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তবে অন্যদের কোনো খোঁজ পাননি তাঁরা।
এ কথা জানতে পেরে অন্য যুবকদের পরিবারের চাপে মানব পাচারকারী আবদুস সামাদ ও ময়েজউদ্দিন কখনো বলেন তাঁরা মালদ্বীপ পুলিশের হাতে আটক আছেন, কখনো বলেন বার্মায় পুলিশের হাতে আটক আছেন, আবার কখনো বলেন তাঁরা থাইল্যান্ডে পুলিশের হাতে আটক আছে। এরপরও নিখোঁজ যুবকদের ফিরে এনে দেবেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জনপ্রতি আরও ৫০ হাজার টাকা করে মোট সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান সামাদ ও ময়েজউদ্দিন। কিন্তু এখনো হতভাগ্যদের কোনো খোঁজ মেলেনি।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান বলেন, এ ঘটনায় পাচারকারী সামাদ ও ময়েজউদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।