নওগাঁয় অপহৃত দোকান কর্মচারী নাটোরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে উপজেলার এক মুদি ব্যবসায়ীর কর্মচারীকে অপহরণ করার ৩৬ ঘণ্টা পর গতকাল রোববার তাকে উদ্ধার করেছে ধামইরহাট থানা-পুলিশ। নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেলওয়ে জংশন থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অপহৃত কর্মচারীর নাম আইনুল সরকার (১৪)। গত শুক্রবার তাকে উপজেলা সদরের পুরান বাজার থেকে অপহরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস ছালাম জানান, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুদি ব্যবসায়ী রেজাউল ইসলামের কর্মচারী আইনুল সরকার পুরান বাজারের নিমতলী মোড়ে আসে। কিছুক্ষণ পর আর তাকে দেখতে না পেয়ে দোকানের মালিক ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। ওই দিন রাত ১০টায় দোকান মালিকের কাছে মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ১০ হাজার টাকা অপহরণকারীদের বিকাশ করে দেওয়া হয়। টাকা পাওয়ার পর অপহরণকারীরা মুঠোফোন বন্ধ রাখে।
এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে মুঠোফোনের সূত্র ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।