নওগাঁয় অপহৃত শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার কুশমইল থেকে অপহৃত শিশু সহিবুর রহমান সৈয়বকে (৯) গত সোমবার রাতে পোরশা উপজেলার শিশা বাজার থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন পোরশার গুন্দইল গ্রামের সোহেল (২৯) ও সাইফুল ইসলাম ওরফে ভোদল (১৮)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, সোমবার বিকেল ৫টার দিকে নিয়ামতপুর উপজেলার কুশমইল গ্রামের বেলির মোড় থেকে আবদুস সালামের ছেলে সৈয়বকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যান দুই যুবক। পোরশা উপজেলার শিশা বাজার থেকে রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে জনতা। এ সময় জনতা সাইফুল ইসলাম ভোদল ও সোহেল নামে দুই অপহরণকারীকে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হলে অপহরণকারীদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় সৈয়বের বাবা আবদুস সালাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেছেন।
ওসি বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে এই অপহরণের মূল পরিকল্পনাকারী হচ্ছেন আবদুস সালামের ভাগনে সাইফুল ইসলাম। মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের জন্য তিনি আরও চারজনকে সঙ্গে নিয়ে সৈয়বকে অপহরণ করেন। অপহরণকারীদের কারাগারে পাঠানো হয়েছে।