নওগাঁয় আটজন ব্যাংক কর্মকর্তার কাছে চাঁদা দাবি
সর্বহারা পরিচয়ে একই নম্বর থেকে মুঠোফোনে নওগাঁয় সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার আট ব্যাংক কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এঁদের মধ্যে চারজন আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই আট ব্যাংক কর্মকর্তার কাছে ফোন করে গলাকাটা বিপ্লব নামের একজন সর্বহারার সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। না দিলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়া ব্যক্তিরা হলেন, সোনালী ব্যাংকের মঙ্গলবাড়ী শাখার ব্যবস্থাপক অমিত কুমার ব্যানার্জি, রানীনগর শাখার ব্যবস্থাপক পরিতোষ চন্দ্র বসাক, মহাদেবপুর শাখার ব্যবস্থাপক আইনুল হক, ত্রিমোহণী শাখার ব্যবস্থাপক আবদুস সালাম, সাপাহার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, নওগাঁ প্রধান শাখার ব্যাংক কর্মকর্তা একরামুল হক ও জালাল উদ্দিন এবং অগ্রণী ব্যাংকের সাপাহার শাখার এক কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে অগ্রণী ব্যাংকের ওই কর্মকর্তার নাম জানা যায়নি।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার অমিত কুমার ব্যানার্জি পত্নীতলা থানায়, আইনুল হক মহাদেবপুর থানায়, আবদুস সালাম রানীনগর থানায় এবং অগ্রণী ব্যাংকের ওই কর্মকর্তা সাপাহার থানায় জিডি করেন।
এ চারটি থানায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জিডির সত্যতা নিশ্চিত করেছেন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান বলেন, ঘটনার তদন্ত চলছে। হুমকি পাওয়া সোনালী ব্যাংকের ত্রিমোহণী শাখার ব্যবস্থাপক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা দাবি করা হয়েছে।