নওগাঁয় ইতালিপ্রবাসীকে হত্যার হুমকি, মামলা
নওগাঁর সাপাহার উপজেলায় মোকসুমুল হক চৌধুরী নামের এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার তিনি নওগাঁর নির্বাহী হাকিম আদালতে মামলা করেছেন।
আরজি সূত্রে জানা গেছে, উপজেলার ফুটকইল গ্রামের বাসিন্দা মোকসুমুল ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। তিনি সম্প্রতি গ্রামের বাড়িতে আসেন। ২ মে উপজেলার খেড়ন্দা মৌজায় তাঁর নিজের জমি দেখতে যান। এ সময় এজাজ উদ্দীন, আবদুস সামাদ ও শরিফুল ইসলাম নামের স্থানীয় তিন ব্যক্তি তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি ১৪ মে সাপাহার থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ পরদিন মামলার প্রধান আসামি এজাজ উদ্দীনকে গ্রেপ্তার করে। তবে কয়েক দিন পর তিনি জামিনে মুক্তি পান। এরপর এজাজ উদ্দীন ও তাঁর লোকজন মোকসুমুল হককে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। মামলা তুলে না নিলে তাঁকে হত্যা করে গুম ও তাঁর বিষয়-সম্পত্তি দখল করা হবে বলে হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল নওগাঁর নির্বাহী হাকিম আদালতে এজাজ উদ্দীন, আবদুস সামাদ, শরিফুল ইসলামসহ নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মোকসুমুলের আইনজীবী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মামলা আমলে নিয়ে নির্বাহী হাকিম মাজেদা ইয়াসমিন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মোকসুমুল হক বলেন, ‘এজাজ উদ্দীন ও তাঁর লোকজন বেশ কিছু দিন ধরে আমার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের (কেয়ারটেকার) কাছে চাঁদা দাবি করে আসছিলেন। আমি দেশে এলে তাঁরা আমার কাছেও চাঁদা দাবি করেন। এ ঘটনায় থানায় মামলা করলে তাঁরা আমাকে হত্যার হুমকি দিয়ে আসছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয় কথা বলতে এজাজ উদ্দীনের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, চাঁদাবাজির মামলার আসামিরা জামিনে রয়েছেন। আর হত্যার হুমকির বিষয়ে নির্বাহী হাকিমের আদেশ এখনো থানায় পৌঁছায়নি। আদেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।