নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলেও অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার হয়নি। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও বিদ্যালয় সূত্র জানায়, ৯ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী (১২) নিজ গ্রাম থেকে বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল। পথে মাঠের মধ্যে ওই ছাত্রীকে একা পেয়ে উপজেলার রাওতাল গ্রামের আবদুর রাজ্জাক (২৭) যৌন নিপীড়নের চেষ্টা চালায়।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে রাজ্জাক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক জানান, ১০ ডিসেম্বর তিনি লিখিতভাবে ইউএনও সেলিম হোসেনের কাছে এ ঘটনার বিচার চেয়ে রাজ্জাকের বিরুদ্ধে আবেদন করেন। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও অপরাধী গ্রেপ্তার হয়নি। এতে শিক্ষার্থী ও এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম হোসেন প্রথম আলোকে জানান, লিখিত আবেদন পাওয়ার পর তিনি অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, তাঁরা বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় এ বিষয়ে মনোযোগ দিতে পারেননি। তবে এ অনুষ্ঠানের পর অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।