নওগাঁয় ওঁরাও তরুণ খুন
নওগাঁর মহাদেবপুরে ছুরিকাঘাতে এক ওঁরাও তরুণ খুন হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার সফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহতের ভাই মহাদেবপুর থানায় একজনকে আসামি করে মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে প্রতিবেশী সামছুর রহমান (২৫) ওই তরুণের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই তরুণ বাড়ির বাইরে ছিলেন। স্ত্রীর চিৎকার শুনে তিনি বাড়িতে এসে সামছুর রহমানকে দেখতে পান। সে সময় ওই তরুণ সামছুরকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে সামছুর তরুণের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। রাতেই গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ভোররাতে তিনি মারা যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী বলেন, আসামিকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।