নওগাঁয় কালোবাজারে বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে হতদরিদ্র লোকজনের জন্য বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির চেষ্টাকালে ১১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার ছাতড়া বাজার থেকে ওই ১১ বস্তা চাল (৫৫০ কেজি) জব্দ এবং চাল বহনকারী ভটভটির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের ডিলার ওয়াহেদুল ইসলাম ও ভটভটির চালক আসাদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে উপজেলার চন্দননগর ইউনিয়নের কার্ডধারী লোকজনের মধ্যে গত সোম ও মঙ্গলবার ডিলার ওয়াহেদুল ইসলাম ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করেন। গতকাল সকালে ছাতড়া বাজার থেকে চালের বস্তাভর্তি একটি ভটভটি ছাতড়া-নিয়ামতপুর সড়কের দিকে যাওয়ার সময় স্থানীয় লোকজন গাড়িটি আটক করেন। বস্তার গায়ে খাদ্য মন্ত্রণালয়ের সিল দেখে তাঁদের সন্দেহ আরও বাড়ে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ চালগুলো জব্দ করে। বস্তাগুলোর প্রতিটিতে ৫০ কেজি করে চাল রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ভটভটির চালক আসাদুলকে গ্রেপ্তার করা হয়। তবে ডিলার ওয়াহেদুল পলাতক।
চন্দননগর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী গোবিন্দপুর গ্রামের জেলেখা খাতুন, খবির উদ্দিন, আয়নালসহ সাত-আটজন অভিযোগ করেন, ডিলারের কাছ থেকে চাল কিনে এনে বাড়িতে ওজন করে দেখা গেছে, তাঁদের প্রত্যেককে তিন থেকে চার কেজি করে চাল কম দেওয়া হয়েছে। ওজনে কম দিয়ে ডিলার ওয়াহেদুল এই ১১ বস্তা চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করছিলেন বলে তাঁদের অভিযোগ।
চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ‘গত সোম ও মঙ্গলবার চন্দননগর ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রির সময় উপকারভোগীদের ওজনে কম দেওয়া হচ্ছে বলে আমার কাছে অনেকে অভিযোগ করেছিলেন। এখন কালোবাজারে চাল বিক্রির অভিযোগ পেয়ে আগের অভিযোগের সত্যতা পাওয়া গেল।’
নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, কালোবাজারে এ চাল বিক্রির অভিযোগে ডিলার ওয়াহেদুল ইসলাম এবং তাঁকে সহযোগিতার জন্য ভটভটির চালক আসাদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।