নওগাঁয় গৃহবধূ খুন, সাবেক স্বামীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ফাতেমা খাতুন (৩৬) নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার সাবইল গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা উপজেলার হাজিনগর ইউনিয়নের নন্দীগ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
ওই গৃহবধূকে তাঁর সাবেক স্বামী বিশ্বনাথ কুমার ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ফাতেমার স্বামী আইয়ুব আলী গতকাল শনিবার বিশ্বনাথ কুমারকে আসামি করে নিয়ামতপুর থানায় হত্যা মামলা করেছেন। দুই বছর আগে ধর্মান্তরিত হওয়ার পর ফাতেমা খাতুনের সঙ্গে আইয়ুব আলীর বিয়ে হয়।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার সাবইল গ্রামের রমনি কুমারের মেয়ে সনেকা রানীর সঙ্গে একই গ্রামের দয়াল কুমার মণ্ডলের ছেলে বিশ্বনাথ কুমারের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। ২০০৮ সালে একটি হত্যা মামলায় বিশ্বনাথের সাজা হয়। ওই মামলায় ৮ বছর ৬ মাস কারাভোগের পর গত বছরের অক্টোবর মাসে মুক্তি পান তিনি। বিশ্বনাথ কারাগারে থাকা অবস্থায় তাঁর স্ত্রী সনেকা ধর্মান্তরিত হয়ে নন্দীগ্রামের আইয়ুব আলীকে দুই বছর আগে বিয়ে করেন। শুক্রবার সকালে ফাতেমা আগের পক্ষের ছেলেমেয়েকে দেখতে সাবইল গ্রামে তাঁর বড় ভাই হিমান কুমারের বাড়িতে বেড়াতে যান। রাত ৯টার দিকে ফাতেমা বাড়ির বাইরে বের হলে বিশ্বনাথ কুমার ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়িভাবে আঘাত করেন। তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে বিশ্বনাথ পালিয়ে যান। নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। গতকাল আইয়ুব আলী বাদী হয়ে বিশ্বনাথকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ওই গৃহবধূর ভাই হিমান কুমার বলেন, ধর্মান্তরিত হয়ে আরেকজনকে বিয়ে করায় বিশ্বনাথ তাঁকে কুপিয়ে হত্যা করেছেন। এর আগে গ্রামে জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তাঁর সাজা হয়েছিল। পাঁচ-ছয় মাস আগে তিনি জেল থেকে বের হয়েছিলেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি পলাতক রয়েছেন। তাঁকে ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।