নওগাঁয় গৃহবধূকে নির্মম নির্যাতনের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলায় পারভীন আখতার (৩০) নামের এক গৃহবধূকে নির্মম নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার হাঁসাইগারী গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পারভীনের বাবা আফজাল হোসেন নওগাঁর সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় পারভীনের স্বামী ইসরাফিল হোসেনসহ (৩৮) ছয়জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন ইসরাফিলের বাবা, মা, বড় দুই ভাই এবং তাঁর দ্বিতীয় স্ত্রী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নওগাঁ সদর থানার এসআই আমিনুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় গলার ডান পাশে ঝলসে যাওয়া দাগ পাওয়া গেছে। ডান কানের কিছু অংশ কাটা ছিল। গলাটা বেশ ফোলা ছিল। ধারণা করা হচ্ছে, গরম কিছু দিয়ে তাঁর গলায় ছ্যাঁকা দেওয়া হয়েছে। পরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, সদর উপজেলার হাঁসাইগারী ইউনিয়নের বতুলিয়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে পারভীন খাতুনের সঙ্গে প্রায় ১০ বছর আগে হাঁসাইগারী গ্রামের ইরাফিল হোসেনের বিয়ে হয়। তাঁদের ঘরে আট বছরের একটি ছেলেও রয়েছে। কিন্তু প্রায় দুই বছর আগে উপজেলার কাঠখৈর গ্রামের দেলওয়ার হোসেনের মেয়ে শারমীন খাতুনকে গোপনে বিয়ে করেন ইসরাফিল। দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনা নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার রাতের কোনো এক সময় স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে পারভীনকে হত্যা করেন।
মুঠোফোনে ইসরাফিলের বাবা রমজান আলী দাবি করেন, তাঁর ছেলের বউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এখন বিষয়টিকে হত্যাকাণ্ড বলে তাঁদের ফাঁসানো হচ্ছে।
সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।