নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণ দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সদর উপজেলায় চালকলের বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের লস্করপুর এলাকায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার সবুজবাগ গ্রামের বাসিন্দা সায়েদ আলী (৪০)। আহত ব্যক্তিরা হলেন আবদুল গফুর (৩২), সাদেক আলী (৩০), মোহাম্মদ বাবু (৩৫), ইমরান আলী (২১) ও দুলাল হোসেন (২৮)। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
লস্করপুর এলাকায় মেসার্স রাম অটোমেটিক রাইস মিলের মালিক কানু সাহা বলেন, ভোর থেকে আটজন শ্রমিক কাজ করছিলেন। সকাল সাতটার দিকে বয়লার ড্রামে বিস্ফোরণ ঘটে। ড্রামটি ইট-সিমেন্টের তৈরি ছিল। বিস্ফোরণে ড্রামের ইটের দেয়াল চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যায়। ওপরের টিনের চালা উড়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, ধান সেদ্ধ করা বয়লারের ড্রাম বিস্ফোরণে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। আহত অবস্থায় ছয়জনকে রাজশাহী নেওয়ার পথে সায়েদ মারা যান। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।