নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১
নওগাঁ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুস সোবহান (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার কাদোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কাদোয়া গ্রামের গোলাম মোস্তফার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর চাচাতো ভাই ইসমাইল হোসেনের বসতবাড়ির দুই শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। গতকাল বিকেলে গোলাম মোস্তফা পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে টিনের বেড়া দিতে শুরু করে। এ সময় ইসমাইল হোসেন তাদের বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষই লাঠি, কোদাল ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন গোলাম মোস্তফার ভগ্নিপতি আবদুস সোবহান। পরে তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে গোলাম মোস্তফা, ইসমাইল হোসেন, আশরাফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকসহ আরও ছয়-সাতজন আহত হন। তাঁরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ব্যক্তিদের মধ্যে খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজন পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।