নওগাঁয় বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের নাম করে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। আর চাঁদা না পেয়ে গত বুধবার রাতে ভবানীপুর এলাকায় একটি সমবায় সমিতির কার্যালয়, সাতটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
ভাঙচুরের শিকার সমিতির নাম নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সমিতিটির নির্বাহী সম্পাদক এম মাসুদ রানা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকলিপটন হোসেন ও সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাহাদুরসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। হামলাকারী কয়েকজনের নামও পাওয়া গেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এজাহার সূত্রে জানা যায়, গত রোববার লিপটন, বাহাদুরসহ ছয়-সাতজন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সহযোগী প্রতিষ্ঠান ডানা পার্কে গিয়ে বন্যার্তদের ত্রাণ দেওয়ার কথা বলে সমিতিটির নির্বাহী সম্পাদক ও ডানা পার্কের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর জের ধরে বুধবার রাত নয়টার দিকে লিপটন, বাহাদুরসহ ২৫-৩০ জন লাঠি-রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে যান। সেখানে ঢুকে তাঁরা সাতটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা, অফিসের জানালা ও দরজা, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। ক্ষতির পরিমাণ আনুমানিক ১৭ লাখ টাকা।
মাসুদ রানা বলেন, ‘লিপটন, বাহাদুরসহ কয়েকজন চাঁদা চাইলে আমাদের সংগঠন থেকে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানাই। বলি, আপনাদের আলাদাভাবে টাকা দিতে পারব না। তখন তাঁরা আমাকে দেখে নেবেন বলে হুমকি দিয়ে চলে যান। এর জের ধরে আমার প্রতিষ্ঠানে তাণ্ডব চালানো হয়।’
ছাত্রলীগ নেতা লিপটন ও বাহাদুরের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়। তবে জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনাটি স্থানীয় বিষয় নিয়ে। এর সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক নেই।