নওগাঁয় দুই সহোদরকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলায় গত রোববার রাতে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওহিদুল ইসলাম (৪০) ও তাঁর ছোট ভাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শাহীনুল ইসলাম (৩৮)।
ওহিদুল ও শাহীনুল সদর উপজেলার চকপাচী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওহিদুল ও শাহীনুল প্রতিদিনের মতো রোববার দিবাগত রাত ১২টার দিকে শহর থেকে সদরের দুর্গাপুর এলাকার মাঠ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। দুর্গাপুর ও চকপাচী গ্রামের মাঝামাঝি এলাকায় দুর্বৃত্তরা দুই ভাইকে চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। ওহিদুলের দুই হাতের কবজি ও পায়ের রগ এবং শাহীনুলের বাঁ হাতের কবজি ও পায়ের রগ কেটে ফেলে দুর্বৃত্তরা। দুই সহোদরের লাশ পড়ে থাকতে দেখে চকপাচী গ্রামের সোনা মিয়া তাঁদের বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানান।
খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ রাতেই লাশ দুটি উদ্ধার করে থানায় নেয়। পরে তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় নিহতদের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ২৬ জনকে আসামি করে গতকাল দুপুরে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চকপাচী গ্রামের আবদুর রহমান, এরশাদ আলী, আফতাব হোসেন, মুক্তার হোসেন, রিপন মিয়া, মোতাহার হোসেন, শিশির হোসেন ও লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই ভাইয়ের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সহকর্মীদের মৃতদেহ এক নজর দেখার জন্য তাঁদের গ্রামের বাড়িতে ভিড় করেন দলের নেতা-কর্মীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েন। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বেলা তিনটার দিকে শহরের নওজোয়ান মাঠে তাঁদের জানাজায় সদর আসনের সাংসদ মো. আবদুল মালেক, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে চকপাচী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁদের মৃতদেহ দাফন করা হয়।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।