নওগাঁয় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
নওগাঁর পত্নীতলায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার আমন্তপুর সেতুর কাছে আমন্তপুর-দেবীপুর সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫)। বাড়ি শিয়াড়া ইউনিয়নের কৈবর্তখণ্ড গ্রামে।
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাজার করার কথা বলে পত্নীতলা বাজারের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আনোয়ার হোসেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকালে আমন্তপুর সেতুর কাছে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সকাল ৯টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আনোয়ারকে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
ওসি বলেন, একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা খেটেছেন আনোয়ার। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় ডাকাতির মামলা রয়েছে।