নওগাঁয় পাঁচটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুর্বৃত্তরা পাঁচটি পুকুরে বিষ প্রয়োগ করেছে। ক্ষতিগ্রস্ত খামারমালিকের দাবি এতে তাঁর প্রায় ৩২ লাখ টাকার মাছ মারা গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রাইগাঁ ইউনিয়নের সরাইল গ্রামের পাঁচটি পুকুরে ‘মোহনা মৎস্য খামার’ নামের একটি প্রতিষ্ঠান মাছ চাষ করে আসছে। এই খামারের মালিক মঞ্জুরুল ইসলাম। ২০০০ সাল থেকে তিনি ওই পাঁচটি পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। এ বছর ওই পাঁচটি পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছের পোনা ছাড়া ছিল। সব পুকুরের মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার গভীর রাতে পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘পাঁচটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৩২ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। সব মাছ বিক্রির উপযুক্ত ছিল। কিছু মাছ বিক্রিও করেছি। কিন্তু বিষ দিয়ে সব শেষ করে ফেলল। জীবনের মতো আমি পথে বসে গেলাম।’
তিনি বলেন, রাতের আঁধারে শত্রুতাবশত কেউ পুকুরে বিষ দিয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।