নওগাঁয় পুকুর দখল করে মাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাংসদের ছেলের বিরুদ্ধে প্রশাসনের কাছ থেকে ইজারা নেওয়া পুকুর দখল করে মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহিষবাথান উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন আলতাদিঘি গ্রামে ১৩ দশমিক ৫৩ একর (প্রায় ৪১ বিঘা) আয়তনের একটি পুকুর গত জুনে মহিষবাথান উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা দেয়। চার মাস ধরে পুকুরটিতে সমিতির সদস্যরা মাছ চাষ করে আসছেন। স্থানীয় সাংসদ সেলিম তরফদারের ছেলে সাকলাইন মাহমুদের নির্দেশে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে প্রায় ২০০ লোক পুকুরে মাছ ধরা শুরু করেন। তাঁরা পুকুর পাহারা দেওয়ার জন্য নির্মাণ করা শ্রমিকদের ঘর ভাঙচুর ও মাছের খাদ্যেগুদাম পুড়িয়ে দেন। এ ঘটনায় সমিতির সভাপতি আবদুস সালামের পক্ষে তাঁর ভাগনে মোজাফফর হোসেন ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।
তবে সাকলাইন মাহমুদ বলেন, ‘সমিতির অংশীদারদের মধ্যে পুকুরটি নিয়ে দ্বন্দ্ব ছিল। আবদুস সামাদ সমিতির নামে পুকুরটি ইজারা নিলেও অন্য সদস্যদের বঞ্চিত করে আসছিলেন। গতকাল বঞ্চিত লোকজনই পুকুর দখলে নিতে যান। এ ব্যাপারে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
গতকাল বেলা ১১টার দিকে প্রায় দেড় শ লোককে পুকুরের পাশে লাঠি ও রড নিয়ে পাহারা দিতে দেখা যায়। মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুস সামাদ বলেন, ১২ লাখ ৬৫ হাজার ৮২৭ টাকায় তিন বছরের জন্য মহিষবাথান উত্তরপাড়া সমবায় সমিতির নামে পুকুরটি ইজারা নেওয়া হয়। নিয়ম অনুযায়ী, প্রথম বছরের জন্য নির্ধারিত ৪ লাখ ২১ হাজার ৯৪৪ টাকা পরিশোধ করা হয়েছে। গত জুনে দখল বুঝে নিয়ে প্রায় ১৫ লাখ টাকার পোনা ছাড়া হয়। গতকাল সন্ত্রাসীরা সব মাছ লুট করে নিয়ে গেছে। পুকুরটি রক্ষা তো দূরের কথা, তাঁরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। সাংসদের ছেলে ও তাঁর গুন্ডারা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।
আবদুল হামিদ, মোহাম্মদ আহমদ, জহুরুল ইসলামসহ সমবায় সমিতির সাত-আটজন সদস্য বলেন, দুপুর ১২টা পর্যন্ত লুটপাট চালানো হলেও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি।
মহাদেবপুর থানার ওসি সাবের রেজা চৌধুরী বলেন, ‘কারা পুকুর দখল করতে গিয়েছে, সে ব্যাপারে আমরা জানি না। মাছ মারার ব্যাপারে থানায় অভিযোগ আসেনি। উপজেলা প্রশাসনের কাছে করা অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিতে পারি না।’
ইউএনও জেবুননাহার বলেন, ‘জোর করে মাছ মারার ব্যাপারে অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশও দেওয়া হয়েছিল। এখন ওসি কী ব্যবস্থা নিলেন সেটা তাঁর দায়িত্ব। তবে পুকুরটি প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়েছে এবং এর টাকাও পাওয়া গেছে।’