নওগাঁয় প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেয়।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেলুয়াবড়ি-চৌবাড়িয়া রাস্তার চেয়ারম্যানের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী ওই মেয়ের ভাবি জাকিয়া বিবি বাদী হয়ে গতকাল রোববার থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া রফিকুল উপজেলার ছুটিপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

মামলার অভিযোগ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গত শনিবার সন্ধ্যার দিকে তিনি দেলুয়াবাড়ি বাজার থেকে নিজ বাড়ি হোসেনপুর গ্রামে ফিরছিলেন। রাস্তায় চেয়ারম্যান মোড়ে তাঁকে একা পেয়ে রফিকুল রাস্তার ঢালুতে টেনে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকার, চেঁচামেচিতে লোকজন টের পেয়ে রফিকুলকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়। আর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নওগাঁ সদর হাসপাতালে ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মেয়েটির ভাবী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রফিকুল ইসলামকে গতকালই নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।