নওগাঁয় বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট
নওগাঁর বদলগাছি উপজেলার খাদাইল বাজারে রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তির বাসা ও খামারে গতকাল শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিয়াজুলের ভাষ্য, ডাকাতেরা সাড়ে তিন লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
রিয়াজুল ইসলাম বলেন, রাত আনুমানিক একটা থেকে দেড়টার মধ্যে বাসার ছাদে লোকজনের পায়ের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। দরজা খুলে ‘কে’ বলা মাত্রই বাসার প্রধান ফটকে ধাক্কা দিয়ে ১০-১৫ জন ডাকাত দল ভেতরে ঢোকে। ডাকাতেরা তাঁর ও তাঁর স্ত্রীর চোখ বেঁধে ঘরের আসবাব ভেঙে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। একই সময়ে বাসার নিচতলায় তাঁর খামারে ঢুকে সেখানে থাকা দুটি মোটরসাইকেল ও ক্যাশ ভেঙে নগদ এক লাখ ১৬ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
রিয়াজুল ইসলামের মেয়ে সিনথিয়া (১২) বলে, ডাকাত সর্দারের মুখ খোলা ছিল। এ ছাড়া অন্যদের সবারই মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।
গৃহকর্ত্রী রানি বেগম বলেন, ডাকাতদের কথাবার্তায় পরিচিত মনে হচ্ছিল।
বদলগাছি থানার উপপরিদর্শক (এসআই) আশিক ইকবাল বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।