নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদিন (২৮) নামে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন। উপজেলার আদালতা সীমান্ত এলাকায় আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল উপজেলার পাতাড়ী ইউনিয়নের দক্ষিণ পাতাড়ী গ্রামের তোহরাব আলীর ছেলে। 

এ ঘটনা নিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফের সঙ্গে দুপুরে পতাকা বৈঠক করেছে। বৈঠকে নিহতের ময়নাতদন্ত করে লাশ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ।
আদালতা সীমান্তবাসীর ভাষ্য, জয়নালসহ কয়েকজন রাখাল গরু আনতে গতকাল শুক্রবার রাতে উপজেলার আদালতা সীমান্তের ৪২৪/১০ আরসি পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতে যান। আজ ভোরে গরু নিয়ে দেশে ফেরার পথে সীমান্ত পার হয়ে পুনর্ভবা নদীর কাছে (শূন্যরেখার মধ্যে) আসলে বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় জয়নাল আবেদিন গুলিবদ্ধ হয়ে মারা যান। অন্যরা তাঁর লাশ ফেলে রেখে নদী পার হয়ে দেশে ফিরে আসতে সক্ষম হন।
জয়নালের সঙ্গে ভারতে গরু আনতে যাওয়া এক রাখাল নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনিসহ ১০-১২ জন রাখাল গরু নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে কাঁটাতারের বেড়া পার হয়ে কয়েক শ গজ ভেতরে পুনর্ভবা নদীর কাছে এলে বিএসএফ তাঁদের তাড়া করে। দৌড়ে পালানোর চেষ্টা করলে একপর্যায়ে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জয়নাল গুলিবিদ্ধ হন।
তিনি আরও বলেন, ‘আমরা বাকিরা নদী পার হয়ে বাংলাদেশের ভেতরে চলে আসি। আমরা এপার থেকে বিএসএফ সদস্যদের জয়নালকে আহত অবস্থায় প্রায় ৬/৭ শ গজ টেনে-হিঁচড়ে নিয়ে কাঁটাতারের বেড়া পার করে গাড়িতে ওঠাতে দেখেছি।’
জয়নালের বাবা তোহরাব আলী বলেন, ‘জয়নাল শুক্রবার রাতে আরও কয়েকজন রাখালের সঙ্গে গরু আনতে ভারতে গিয়েছিলেন। সকালে ফেরত আসা অন্য রাখালদের কাছে জানতে পারি, আমার ছেলেকে গুলি করে ভারতে ধরে নিয়ে গেছে বিএসএফ। পরে আমি আমার ছেলের খোঁজ নেওয়ার জন্য বিজিবিকে বিষয়টি জানাই।’ তিনি দ্রুত তাঁর ছেলের লাশ ফেরত দেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি-১৪ ব্যাটালিয়নের লে. কর্নেল রফিকুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি জানার পর আমরা বিজিবির পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানাই। পরে দুপুর ১টা থেকে ৪০ মিনিট ধরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জয়নালকে গুলি করার কথা স্বীকার করেছে।
বিএসএফের ভাষ্য, কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে গরু নিয়ে কাঁটাতার কেটে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ বিষয়টি টের পেয়ে তাঁদের চ্যালেঞ্জ করে। তাঁরা পালানোর চেষ্টা করলে বিএসএফ প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। তারপরেও রাখালরা পালানোর চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হয়ে জয়নাল নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। তাঁর লাশ ভারতের মালদা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের লাশটি কাল (রোববার) নাগাদ পর বাংলাদেশে ফেরত দেওয়া হতে পারে।