নওগাঁয় বিবাদের জেরে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের সঙ্গে রাস্তা নিয়ে বিবাদের জেরে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
উপজেলার সদর ইউনিয়নের চকভবানী গ্রামে গত সোমবার বিকেল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রত্না বেগম (৩০)। তিনি ওই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় জাহিদুল বাদী হয়ে একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়িতে ঢোকার রাস্তা নিয়ে প্রতিবেশী নুরুজ্জামান ও আবদুল করিমের সঙ্গে জাহিদুলের বিরোধ চলছিল। সোমবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রত্নাকে নুরুজ্জামানের ছেলে মাহমুদ হোসেন অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ করলে মাহমুদ রত্নাকে তাঁদের বাসায় নিয়ে মারতে শুরু করেন। এ সময় মাহমুদের সঙ্গে তাঁর বোন নুরমুক্তা, নুরুজ্জামানের স্ত্রী মনিজা বেগম ও আবদুল করিমের ছেলে আবদুল মতিন ও নুর ইসলাম ছিলেন। রত্নার চিৎকারে তাঁর স্বামী তাঁকে রক্ষা করতে আসেন। এ সময় হামলায় তিনিও আহত হন। তাঁদের চিৎকারে গ্রামের লোকজন এসে দুজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রত্না বেগমকে মৃত ঘোষণা করেন।