নওগাঁয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে মহিদুল হক ওরফে বাদশার বিরুদ্ধে স্থানীয়দের বাড়িঘরে হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর বাজারে এ ঘটনা ঘটে।
গতকাল রোববার এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ওই বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে পরিষদের নেতা প্রবীণ কুমার দাস, মনোজিৎ কুমার সরকার, পরিমল কুমার রায় বক্তব্য দেন। পরিষদের নেতারা মহিদুল হক ও তাঁর সহযোগী সুমন কুমার ঘোষসহ হামলাকারীদের গ্রেপ্তারে তিন দিনের সময়সীমা বেঁধে দেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তাঁরা। এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে প্রসাদপুর বাজার বণিক সমিতির উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়। পরে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ সাধন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মহিদুল হকের কর্মচারী সুমন কুমার ঘোষ ১৪ ডিসেম্বর রাত আটটার দিকে একই সম্প্রদায়ের স্থানীয় একটি মেয়েকে বাজার থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা সুমন ও তাঁর সহযোগী আশরাফুল ইসলামকে আটকে রাখে। পরদিন এ ঘটনায় ডাকা সালিসে সুমন ও আশরাফুলকে মারপিট করা হয়। এরই জেরে শনিবার সন্ধ্যায় মহিদুল হকের নেতৃত্বে মেয়েপক্ষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্তের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, বাজারের হিন্দুপল্লির বাসিন্দা গোবিন্দ গোস্বামীর বাড়িতে ভাঙচুর করা হয়। সন্ত্রাসীদের হামলায় অনুপ কুমার মহন্তের স্ত্রী সরমা রানী, ভাই পার্থ প্রতিম, প্রতিবেশী দীপ্ত কুমার ও গোবিন্দ গোস্বামীর ভাই গোপাল গোস্বামী আহত হন।
অনুপ কুমার মহন্ত বলেন, ‘সুমন ঘোষ ও আশরাফুল ১৪ ডিসেম্বর রাতে এক মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের এসব কর্মকাণ্ডের বিরোধিতা করায় মহিদুলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে আমার স্ত্রী ও ভাইকে মারপিট করে। এ ছাড়া আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।’
উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রবীণকুমার দাস বলেন, মহিদুলের লোকজন প্রসাদপুর বাজারে বাপ্পী নাগ ও দেবুর দোকানে হামলা চালায়। এ সময় তাদের মারপিটও করা হয়। তিনি আরও বলেন, ওই মেয়েকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ওই ঘটনায় মামলাও রেকর্ড করা হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন বলেন, শনিবার বিকেলে বিজয় শোভাযাত্রা শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লার ছেলে মহিদুল হক ১৫-২০ জন সন্ত্রাসীসহ লাঠিসোঁটা নিয়ে প্রথমে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে। পরে তারা গোবিন্দ গোস্বামীসহ বেশ কয়েকজন সংখ্যালঘু ব্যক্তির বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে গতকাল বিকেলে মুঠোফোনে মহিদুল বলেন, ‘সুমন কুমার ঘোষের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক। তারা দুজন দুজনকে বিয়ে করতে চায়। ১৪ ডিসেম্বর মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়েপক্ষ সুমন ও তাঁর বন্ধু আশরাফুলকে বেধড়ক মারপিট করে। তবে শনিবার সন্ধ্যায় হিন্দুদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই।’ এ ব্যাপারে এমদাদুল হকের মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি ধরেননি।
মান্দা থানার ওসি আনিছুর রহমান ভাঙচুর ও মারপিটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রসাদপুর বাজারে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।