নওগাঁয় ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের বাইপাস সড়কে গত সোমবার রাতে দুর্বৃত্তরা এক চাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় রমেন কুমার (২৫) নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন।
রমেনের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামে। তাঁর বড় ভাই রঞ্জন কুমার জানান, নওগাঁর মান্দার দেলুয়াবাড়ি থেকে ব্যবসায়িক কাজ শেষে রমেন মোটরসাইকেলে করে আদমদীঘি আসছিলেন। রাত আটটার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের ফতেপুর মোড়ে কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা রমেনের হাত-পা বেঁধে তাঁকে ছুরিকাঘাত করে এবং তাঁর কাছে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার সান্তাহার শহরের একটি ক্লিনিকে ভর্তি করে দেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।