নওগাঁয় ভুয়া চিকিৎসক ক্লিনিক মালিকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে অস্ত্রোপচারের সময় এক ভুয়া চিকিৎসককে আটক করে দেড় বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁকে আশ্রয় দেওয়ার অপরাধে ক্লিনিকের মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলার নজিপুর পৌরসভায় গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ‘যমযম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ময়েন উদ্দীনকে (৫৫) অস্ত্রোপচারের সময় আটক করে। পরে পত্নীতলার ইউএনও আবদুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভুয়া চিকিৎসককে দেড় বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া তাঁকে আশ্রয় দেওয়ার অপরাধে ওই ক্লিনিকের মালিক বাবুল আখতারকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আবদুল মালেক বলেন, আদালতের কাছে ময়েন উদ্দীন বলেছেন, তিনি এইচএসসি পাস। তিনি পল্লি চিকিৎসক হিসেবে সনদ নিয়েছেন দাবি করলেও এর সপক্ষে কোনো কাগজপত্র আদালতে দেখাতে পারেননি। ময়েন ঢাকায় বিশেষজ্ঞ এক শল্যচিকিৎসকের কম্পাউন্ডার (সহকারী) হিসেবে কাজ করেছেন বলে আদালতের কাছে স্বীকার করেছেন। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি প্রায় ১০ বছর ধরে নজিপুর, ধামইরহাট ও সাপাহারের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দিয়ে আসছিলেন।

র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আরাফাত রহমান বলেন, তাঁদের কাছে তথ্য ছিল ভুয়া চিকিৎসক ময়েন উদ্দীন নজিপুর, ধামইরহাট ও সাপাহার এলাকার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সূত্রে জানতে পেরে মঙ্গলবার রাত ১২টার দিকে র‍্যাবের একটি দল নজিপুর যমযম ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ময়েন উদ্দীন সন্তান প্রসবের জন্য এক প্রসূতির অস্ত্রোপচার করছিলেন। পরে রোগী ও তাঁর নবজাতককে ওই ক্লিনিকে কিছুক্ষণ সেবা দেওয়ার পর তাঁদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিনি বলেন, ময়েনের কাছে তাঁর চিকিৎসা সনদ দেখতে চাইলে তিনি স্বীকৃত কোনো সনদ দেখাতে পারেননি। এত দিন তিনি বিশেষজ্ঞ শল্যচিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন।